চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। রবিবার দুপুর ১টায় রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, ‘রফিনগর নিউজ’ নামে একটি ফেইসবুক আইডি থেকে ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার ও তার নিকট আত্মীয় ছোট বোন একজনের ছবি পোস্ট করে কুরুচিপূর্ণ ক্যাপশন লিখা হয়। পোস্টের নিচে বিভিন্ন মন্তব্যেও ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ‘রফিনগর নিউজ’ আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে আমার পরিবার ও পরিজনদের ছবি ব্যবহার করে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট করা হয়েছে। যা দেশে বিদেশে আমার চরম মানহানি হচ্ছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, ভুয়া একাউন্ট থেকে চেয়ারম্যানের মানহানির বিষয়ে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।