চেয়ারে বসার আগেই চেয়ারম্যানগিরি!

স্টাফ রিপোর্টার
মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের স্থানীয় এক নিরিহ লোককে মারধর, জোর করে স্টাম্পে স্বাক্ষর রাখার অভিযোগ উঠেছে।
এঘটনার প্রতিকার চেয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে সোমবার পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছেন মারধরের শিকার একই এলাকার নড়দাপাড়া গ্রামের বাসিন্দা রতন তালুকদার ছুটন। তবে সকল অভিযোগ মিথ্যা দাবি করেছেন চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ।
লিখিত অভিযোগে রতন তালুকদার ছুটন উল্লেখ করেছেন,‘এলাকার সকল হাওর ডুবে যাওয়ার পর পানিবদ্ধতার কারণে গত ১৭ এপ্রিল লাল রংএর একটি গাভী তার বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি গ্রামের মানুষকে অবগত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নাকে গাভীর দায়িত্ব নেয়ার বিষয়টি লিখিতভাবে অবগত করেন। পরে চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নার অনুমতি সাপেক্ষে গাভীটিকে লালন পালন করেন তিনি। পরে এঘটনায় ১১ জুন মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং ২৮৯, তারিখ ১১/০৬/২০১৬ ইং)। কিছু দিন পর নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বিষয়টি জেনে ওই গাভীটি নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং কাউকে না জানানোর জন্য নিষেধ করেন। এক পর্যায়ে গত ১৬ জুলাই চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না তার অনুগত নব নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম ও বকুল তালুকদারের সহযোগিতায় গাভীটি নিয়ে যান। কথা ছিল একটি লিখিত দিবেন কিন্তু পরে আর কোন প্রকার লিখিত দেননি। রতন তালুকদার ছুটন পুরো বিষয়টি লিখিতভাবে মধ্যনগর থানায় অবগত করতে যাওয়ার পথে জাকিরুল আজাদ মান্না মধ্যনগর ট্রলার ঘাট থেকে ইউপি সদস্যদের সহযোগিতায় থানার কাগজটি নিয়ে ছিড়ে ফেলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জোর করে গরু ছিনিয়ে নেয়ার বিষয়টি এলাকার জানাজানি হওয়ার পর চেয়ারম্যান মান্না গত ৩০ জুলাই বিকালে মধ্যনগর থানার কাছের রেস্ট হাউজে ডেকে নিয়ে রতন তালুকদারকে মারধর করেন। এময় জোর করে সাদা স্টাম্পে স্বাক্ষর ও তার ছবি তুলে রাখেন এবং নগদ ৫ লাখসহ গরু বিক্রয়ের আরো ২২ হাজার টাকা দুই দিনের মধ্যে দিয়ে দেশ ছাড়ার হুমকি দেন। বিষয়টি গ্রাম ও এলাকার মানুষকে অবগত করলে চেয়ারম্যান মান্না তাকে পুরনায় প্রাণনাশের হুমকি দেন। এঘটনায় মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করতে চাইলে পুলিশ তার লিখিত অভিযোগ গ্রহণ করেন নি। নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার ভয়ে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অভিযোগকারী রতন তালুকদার ছুটন।
অভিযুক্ত চামরদানী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন,‘ রতন তালুকদারের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশের পরামর্শে ও পরিষদের সবার মতামতের ভিত্তিতে তার বাড়ি থেকে গাভীটি আনা হয়েছে। সে ইচ্ছে করে আমাদের কাছে গাভীটি হস্তান্তর করেছে। এখন আমার বিরুদ্ধে নানা মিথ্যা কথা এলাকায় রটাচ্ছে। এনিয়ে গত পরশুদিন থানায় সালিশ বৈঠক বসেছিল। এলাকার গনমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সে আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মান সম্মান ক্ষুন্ন করার জন্য এই মিথ্যা অভিযোগ করেছে।’
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য মধ্যনগর থানার পাঠানো হয়েছে।’