ছাতকের এক মোহরির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

ছাতক প্রতিনিধি
ছাতকের গিয়াস উদ্দিন মোহরির বিরুদ্ধে আদালতে আদালত অবমাননা মামলা দায়ের করা হয়েছে। রবিবার সুনামগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ ১ম আদালতে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ২(৩) ধারায় এ মামলা(নং-৬৮/১৬) দায়ের করা হয়। ছাতক সাব রেজিষ্ট্রার অফিসের মোহরি গিয়াস উদ্দিন পৌরসভার তাতিকোনা মহল্লার মৃত হাজী তোতা মিয়ার পুত্র। ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাদী হয়ে রবিবার সুনামগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে এ মামলা দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, একটি মামলায় গত ১০মার্চ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা জজ প্রণয় কুমার দাস ছাতক প্রেসক্লাবের নামে গিয়াস উদ্দিনের গঠিত কমিটি অবৈধ ও অগঠনতান্ত্রিক বলে রায় প্রদান করেন। ২০১৪ সালের ২৩ অক্টোবর ঐতিহ্যবাহী ছাতক প্রেসক্লাবের বৈধ ও সর্বজন স্বীকৃত কমিটির বিরুদ্ধে গিয়াস উদ্দিনের দায়েরকৃত স্বত্ব মোকদ্দমা নং-৫৩/২০১৪ এবং বৈধ কমিটির সাধারণ সম্পাদক  আব্দুল আলিমের ১২ নভেম্বর দায়েরকৃত স্বত্ব মোকদ্দমা নং-১২২/১৪ এর প্রেক্ষিতে দীর্ঘ শুনানীর পর সুনামগঞ্জ জেলা জজ আদালতের বিজ্ঞ জজ প্রণয় কুমার দাস ছাতক প্রেসক্লাবের নামে গিয়াস উদ্দিনের গঠিত কমিটিকে অবৈধ ও সৈয়দ হারুন-অর রশীদ নেতৃত্বাধীন গঠিত ছাতক প্রেসক্লাবের কমিটিকে বৈধতা দিয়ে আদেশ প্রদান করেন। এর আগেও চলমান মোকদ্দমা আপত্তি-নিস্পত্তি না হওয়া পর্যন্ত গিয়াস উদ্দিনের নেতৃত্বাধীন অবৈধ কমিটি ছাতক প্রেসক্লাবের নাম ও পদ-পদবী, সাইনবোর্ড ব্যবহার করে কার্যক্রম পরিচালনা বা প্রচার ও কোনরূপ বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য বিজ্ঞ নি¤œ আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। গিয়াস উদ্দিন বর্ণিত উভয় আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ১৭১৭/১৬ ও ১৭১৮/১৬ দায়ের করেন। উভয় আবেদন মোশন শুনানী অন্তে অন্তর্বতীকালীন আদেশ না দিয়ে শুধু মাত্র রুল ইস্যু করেছেন। এ অবস্থাধীন বাদী আব্দুল আলিমের দায়েরী স্বত্ত্ব মামলা ১২২/১৪ এর অনুকূলে প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল ও সকল পক্ষগণের উপর সমানভাবে কার্যকর রয়েছে। গিয়াস উদ্দিনসহ বিবাদী-প্রতিপক্ষগণ ইচ্ছাকৃতভাবে আদালতের নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ ও অমান্য করে শাস্তি যোগ্য অপরাধ করে যাচ্ছেন।