ছাতকের নদীতে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকের নির্দেশ

ছাতক প্রতিনিধি
ছাতকে মরা-চেলা নদী বালু মহালের রয়্যালিটির হার নির্ধারণ ও অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের লক্ষ্যে এক মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর    প্রতীক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, দোয়ারা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, সহকারি পুলিশ সুপার ছাতক-দোয়ারা সার্কেল দুলন মিয়া, ছাতক থানার ওসি আতিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী প্রমুখ।
সভায় ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারি ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির পক্ষে সমছু মিয়া অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধ ও রয়্যালিটির হার নির্ধারণের দাবি করলে জেলা প্রশাসক টোল-ট্যাক্স আদায়কারি বিআইডব্লিউটিএ, ছাতক পৌরসভা, ছাতক উপজেলা পরিষদ, দোয়ারা উপজেলা পরিষদ, ইসলামপুর ইউপি ও কোম্পানীগঞ্জ উপজেলাধিন আরো ৫টি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলেন। এ সময় অনেকেই স্বপক্ষে কাগজ পত্র দেখাতে পারেননি। জেলা প্রশাসক নদীতে চলন্ত অবস্থায় মালবাহি সব ধরনের নৌযান থেকে টোল-ট্যাক্স আদায় না করার নির্দেশ প্রদান করেন। এছাড়া বিআইডব্লিউটিএ’র এক ইজারাদার কর্তৃক ঘাট নির্মাণের জন্য ডিসি অফিসে একটি আবেদন করেই চাঁদা আদায়ের ঘটনায় তিনি বিষ্ময় প্রকাশ করেন। তিনি শীঘ্রই সব ইজারাদারদের ইজারাকালিন প্রয়োজনীয় কাগজপত্র ডিসি অফিসে জমা ও ১ নভেম্বর থেকে প্রত্যেক ইজারাদারকে সংশ্লিষ্ট এলাকার দর্শনীয় স্থানে রেইট বোর্ড টানানোর নির্দেশ দেন।