ছাতকের প্রতিভাবান কণ্ঠশিল্পী অর্পিতা পাল অসুস্থ

ছাতক প্রতিনিধি
ছাতকের প্রতিভাবান জনপ্রিয় কন্ঠশিল্পী অর্পিতা পাল (২৫) এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতের পরিচিত ও প্রিয় মুখ, সিলেট মহিলা কলেজে এমএ অধ্যয়নরত অর্পিতা পাল গত বছরের ৪ নভেম্বর আকষ্মিক অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
টেস্টে ধরা পড়ে তার শরীরে স্বাভাবিক রক্ত তৈরী হতে বাধাগ্রস্ত হচ্ছে। রক্তে স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমান শতকরা ১২ ভাগ থাকার কথা থাকলেও অর্পিতার শরীরে পাওয়া গেছে মাত্র ৩ ভাগ। তাকে সুস্থ করে তুলতে ওসমানী থেকে সিলেট পলিক্লিনিকে ভর্তি করা হয় তাকে। ডাক্তার রঞ্জন রায়ের অধিনে টানা ৮দিন চিকিৎসার পর তার শরীরের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠে। ডাক্তারের পরামর্শ মতে ২২ নভেম্বর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হলে রক্তে আবারো হিমোগ্লোবিনের মাত্রা কমে (৯%) যাওয়ার বিষয়টি ধরা পরে। ক্রমেই তার শরীরের অবস্থা অবনতির দিকে ধাবিত হতে থাকলে ২৪ নভেম্বর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৮ ডিসেম্বর পর্যন্ত ডাক্তার অধ্যাপক ইউনূসের অধিনে তাকে চিকিৎসা দেয়া হয়। অবশেষে ওই ডাক্তারের পরামর্শে তাকে ভারতের কলিকাতায় নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। ১৫ ডিসেম্বর কলিকাতার টাটা হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতাকে। বর্তমানে অর্পিতা পাল সেখানেই শারীরীক চেকআপ ও চিকিৎসা নিচ্ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ছাতক শহরের ক্ষুদ্র ব্যবসায়ী, উপজেলা কৃষকলীগ নেতা বাবুল পালের একমাত্র কন্যা অর্পিতা পাল।