বিজয় রায়, ছাতক
ছাতকের সিংচাপইড়-পালপুর সড়কে দীর্ঘ একযুগেও সংস্কার কাজ করা হয়নি। সিংচাপইড় ইউনিয়নের সবকটি সড়কই ভাঙা-চোরা অবস্থায় রয়েছে। এর মধ্যে সিংচাপইড়-পালপুর সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বিগত ৪-৫ বছর ধরে এ সড়কটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার কয়েক হাজার মানুষ কোন উপায় না থাকা ভাঙা-চোরা সড়ক দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার-বার ধর্ণা দিয়েও কোন ফল হয়নি। সড়কটির বেহাল দশা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি আমলে নিচ্ছেন না কর্তৃপক্ষ।
জানা যায়, উপজেলার কৈতক-সিরাজগঞ্জ সড়কের সিংচাপইড়-খুরমা-মর্যাদ-পালপুর সড়কটি একাধিকবার বন্যার পানিতে ডুবে সড়কের পাকা ভেঙে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কয়েকটি ব্রিজের এপ্রোচের মাটি নিচের দিকে দেবে গিয়ে মারাত্মক মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। মাঝে মধ্যে জীবনের ঝুুঁকি নিয়ে ছোট-ছোট যানবাহন চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যাত্রী সাধারণদের। সিংচাপইড়-পালপুর সড়কের খুরমা থেকে শুরু করে পালপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশের পাকা ভেঙে গিয়ে পরিণত হয়েছে মাটির রাস্তায়। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সিএনজি, টেম্পু, রিকশা ও অন্যান্য ছোট-ছোট যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে। বর্ষা মৌসুমে সড়কটি হয়ে উঠে ভয়ানক। গর্তগুলো বৃষ্টির পানিতে ভরে গেলে এসব গর্ত দুর্ঘটনার জন্য প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া সড়কের মধ্যে বহুদিনের পুরনো নড়বড়ে দুটি ব্রিজ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় ভেঙে পড়ে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। ব্রিজের দু’পাশের অ্যাপ্রোচের মাটি নিচের দিকে দেবে গিয়ে অনেকটা মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে সিংচাপইড়, দক্ষিণ খুরমা, দোলারবাজারসহ বিভিন্ন ইউনিয়নের লোকজনের পাশাপাশি নিয়মিত কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। সিংচাপইড়-পালপুর সড়ক দিয়ে ১৫-২০টি গ্রামের মানুষ জেলা ও উপজেলা সদরে যাতায়াত করে থাকেন নিয়মিত। মাত্র কয়েক কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে সিংচাপইড় ও খুরমা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পালপুর থেকে খুরমা, আবার খুরমা পয়েন্ট থেকে বিভক্ত হয়ে একটি সড়ক মানিকগঞ্জ বাজার হয়ে জাতুয়া পর্যন্ত এবং আরেকটি সড়ক মুনিরজ্ঞাতি-নোয়াগাঁও হয়ে রাউলী পর্যন্ত বিস্তৃত হয়েছে। এসব সড়কগুলো বর্তমানে চলাচলের অনুপযোগী। জনস্বার্থে গ্রামীণ এসব রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, সিংচাপইড়-পালপুর সড়কসহ উপজেলার সংস্কারযোগ্য সড়কগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে। ধারাবাহিকভাবে চলবে সংস্কার কাজ।
- জামালগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ মিনার স্থাপনের দাবিতে মানববন্ধন
- সুরঞ্জিতের সাবেক এপিএস ফারুকের ৫ বছর কারাদণ্ড


