বিশেষ প্রতিনিধি
জেলার ছাতক উপজেলায় আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচন। বুধবার জেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি, জামায়াত ও জাপা’র প্রার্থীসহ ৭৯ জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের এবং ২ ইউনিয়নে বিএনপি এবং ১ ইউনিয়নে জামায়াতের বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
ছাতক সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে সাইফুল ইসলামকে (কালাম-শামীম সমর্থক), বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাফিজ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রঞ্জন কুমার দাস (মানিক সমর্থক)।
কালারুকা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে অদুদ আলমকে (কালাম সমর্থক), বিদ্রোহী প্রার্থী হয়েছেন আফতাব উদ্দিন (মানিক সমর্থক), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে বর্তমান চেয়ারম্যান সুন্দর আলীকে (মানিক সমর্থক), বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও আখলাক হোসেন (কালাম-শামীম সমর্থক), সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে সাহাব উদ্দিন সাহেলকে (কালাম-শামীম সমর্থক), বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুব লীগ নেতা মোজাহিদ আলী (মানিক সমর্থক), জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামকে (মানিক সমর্থক), বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় নেতা বশির আহমদ ও মুরাদ আহমদ (মানিক সমর্থক), নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে আফজাল আবেদীন আবুলকে (মানিক সমর্থক), এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দেওয়ান আব্দুল খালিক (কালাম-শামীম সমর্থক)।
প্রসঙ্গত. ছাতক উপজেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই দ্বিধাবিভক্ত। একাংশের নেতা স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। অপরাংশের নেতৃত্ব দিচ্ছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এবং তার ভাই শামীম চৌধুরী। উপজেলার ১৩ ইউনিয়নের ১০ টিতেই মুহিবুর রহমান মানিক সমর্থকরা নৌকা প্রতীক পেয়েছেন। ৩ টি ইউনিয়নে কালাম-শামীম সমর্থকরা নৌকা পেয়েছেন।
জাউয়াবাজার ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মুরাদ আহমদ বলেন,‘আমার ইউনিয়নে ৩৩ টি গ্রাম রয়েছে, ১১ টি গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। এখন আমার অঞ্চলের মানুষের সম্মান রক্ষার জন্যই নির্বাচন করতে হবে’।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন বলেন,‘দল এখনো আমাকে বসার কথা বলেনি, বললে চিন্তা করবো’।
সিংচাপইড় ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোজাহিদ আলী বলেন,‘আমি নির্বাচনে প্রার্থী হবার জন্য ৫ বছর ধরে কাজ করছি, এলাকার অবস্থা যাচাই-বাছাই করে পূন: বিবেচনার অপেক্ষায় রয়েছি আমি’।
কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিদ্রোহী প্রার্থী আফতাব উদ্দিন বলেন,‘আমি প্রার্থী না হলে ক্ষুব্ধ ভোটাররা বিএনপি থেকে দলে আসা অদুদ আলমকে ভোট দেবে না। যে কোন ভাবেই দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দ যাচাই করে দেখতে পারেন বিষয়টি। মনোনয়ন দেবার সময়ও কোন দলীয় নেতা কর্মী অদুদ আলমের সঙ্গে ছিল না, কর্মীরা বলেছে বিএনপি’র নেতাকে নৌকা প্রতীকের প্রার্থী করা গেলে বিএনপিকে ধানের শীষে ভোট দিতে অসুবিধা কোথায়, প্রয়োজনে আমরা তাই করবো, এজন্যই দলীয় স্বার্থে আমি প্রার্থী হয়েছি’।
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান মানিক সমর্থক আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে বলেন,‘২ ইউনিয়নে দলীয় শক্তিশালী প্রার্থী থাকার পরও কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল তথ্য দিয়ে বিএনপি থেকে কয়েকদিন আগে দলে এনে প্রার্থী দেওয়ায় দলের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। সিংচাপইড় ইউনিয়নে যাকে প্রার্থী করা হয়েছে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, মুক্তিযোদ্ধা রজব আলী’র বাড়ি দখলের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ভোটাররা তার উপর ক্ষুব্ধ। দলীয় হাইকমান্ডকে ভুল তথ্য দিয়ে তাকে নৌকা প্রতীক এনে দেওয়া হয়েছে। এই ইউনিয়নে যুব লীগের নেতা মোজাহিদ আলী-ই জয়ী হবে। অন্য কোন ইউনিয়নে- কে বিদ্রোহী হলো, কে থাকলো-কে থাকলো না, তাতে দলীয় প্রার্থীর কিছুই যায় আসে না, দলীয় প্রার্থীদের জনপ্রিয়তার সংকট নেই, এরা জয়ী হবেন’।
বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে অপরাংশের নেতা শামীম আহমদ চৌধুরী বলেন,‘কালারুকা ইউনিয়নের প্রার্থী অদুদ আলম আওয়ামী লীগেই ছিলেন, মাঝখানে বিএনপিতে গিয়েছিলেন, এখন আবার দলে ফিরেছেন’। সিংচাপইড় ইউনিয়নের দলীয় প্রার্থী সাহাব উদ্দিন সায়েলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শামীম চৌধুরী বলেন,‘রাজনীতি করলে অভিযোগ থাকবেই, এসব অভিযোগও সত্য নয়’।
একই ভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেরও ৩ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রয়েছে। চরমহল্লা ইউনিয়নে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে আবুল হাসনাতকে, বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ। জাউয়াবাজার ইউনিয়নে বিএনপির প্রার্থী করা হয়েছে দলীয় নেতা এনামুল হককে, বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় নেতা আবু সুফিয়ান, ইসলামপুর ইউনিয়নে ২০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে খেলাফত মজলিসের মাওলানা আকিক হোসাইনকে। এই ইউনিয়নে জামায়াতের বর্তমান চেয়ারম্যান সুফি আলম সুহেলও প্রার্থী হয়েছেন।
ছাতক- দোয়ারাবাজারের সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘আমরা চেষ্টা করছি দলীয় প্রার্থী’র বাইরে যাতে দলের কেউ প্রার্থী না হয়। চরমহল্লা ও জাউয়াবাজারের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলোচনাও চলছে।’
জেলা জামায়াতের সেক্রেটারী মমতাজুল হাসান আবেদ বলেন,‘আমাদের সঙ্গে কথা না বলেই প্রার্থী ঘোষণা করা হয়েছে, সমন্বয় না হলে আমাদের প্রার্থীগণ নির্বাচন করবেন’।


