ছাতকে অধ্যক্ষ কর্তৃক কর্মচারী লাঞ্ছিত-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজে অধ্যক্ষ কর্তৃক কলেজের প্রধান অফিস সহকারীকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। রবিবার সকালে অধিকাংশ ছাত্র-ছাত্রী ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়।
জানা যায়, শনিবার দুপুরে কলেজে ক্লাস চলাকালীন সময়ে অফিসের প্রধান অফিস সহকারী আব্দুস শহীদকে কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক দায়িত্ব বহির্ভূত একটি কাজ করার জন্য বলেন। এ সময় আব্দুস শহীদ ওই কাজ করতে অপরাগতা প্রকাশ করায় অধ্যক্ষ তার উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে লাঞ্ছিত করেন। এ সময় কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা জড়ো হয়ে অফিস সহকারী আব্দুস শহীদের পক্ষে অবস্থান নেয়। কিছু সময় পর অধ্যক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে তাৎক্ষণিক কলেজ গভর্নিং বডির সদস্য মুজিবুর রহমান, কবির উদ্দিন লালা ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে ঘটনাটি নিষ্পত্তি করার জন্য ডেকে আনেন। অফিস সহকারী আব্দুস শহীদ সুষ্ঠু বিচারের আশায় তাৎক্ষণিক ভাবে বিষয়টি নিষ্পত্তি করতে অসম্মতি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্র জানান, কলেজের প্রধান অফিস সহকারী আব্দুস সহিদ একজন প্রবীণ মুরব্বী। তার সাথে কলেজ অধ্যক্ষের এ ধরনের নেতিবাচক আচরণ কাম্য ছিল না। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে এর সুষ্ঠু বিচার দাবি করেছে।
প্রধান অফিস সহকারী আব্দুস শহীদ জানান, অধ্যক্ষ সুজাত আলী সাহেব কলেজের প্রফেসার রবেন্দু বিকাশ দে ও সুধাংশু কুমার চন্দ্রের সামনে অকথ্য ভাষায় গালি দিয়ে লাঞ্ছিত করেছেন। তিনি ক্ষমতার দাপটে প্রায়ই অফিসের কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে থাকেন।
কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক অফিস সহকারীকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে বলেন, অফিস সহকারী কাজ না করায় তাকে ধমক দিয়ে ছিলাম। কলেজের ছাত্রদের ক্লাস বর্জনের বিষয়টি সঠিক নয়।