ছাতকে আওয়ামী লীগের গণসমাবেশে/ ‘হাইব্রিডরা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’

ছাতক প্রতিনিধি
স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত-বিএনপি ও তাদের দোসরদের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত্রের প্রতিবাদে ছাতকে আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী বলেছেন, জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে। দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় দেশবাসী। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাতক-দোয়ারায় আওয়ামী লীগে ঢুকে পড়া হাইব্রিডরা দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্থানীয় এমপির ছত্রছায়ায় থেকে তারা অপরাজনীতে মেতে উঠছে। তারা ছাতক-দোয়ারার আওয়ামী লীগকে নিঃশেষ করতে নেতা-কর্মীদের উপর হামলা, মামলা দিয়ে নির্যাতন করে যাচ্ছে। ইতোমধ্যেই আওয়ামী লীগ নেতা ফারুক, ছাত্রলীগ নেতা মাসুদ এবং সম্প্রতি যুবলীগ নেতা লায়েক মিয়াকে হত্যা করেছে তারা। এখন লায়েক হত্যাকারীদের রক্ষা করতে বিভিন্ন পরিকল্পনা করছে স্থানীয় এ নেতা। আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে চিহ্নিত জামাত-বিএনপির নেতাদের নিয়ে সভা করে স্থানীয় এ নেতা আওয়ামীলীগকে প্রতিহত করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এখন নিহত লায়েকের পরিবার এসব হাইব্রিডদের ভয়ে শংকিত হয়ে পড়েছে। ন্যায় বিচার পাওয়া নিয়েও এ পরিবার আশংখায় আছে।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়া হাইব্রিডদের ছাতক-দোয়ারায় প্রতিহত করা হবে। প্রকৃত মুজিব সৈনিকরাই ছাতক-দোয়ারা থেকে হাইব্রিডদের ঝেটিয়ে বিদায় করবে।
মঙ্গলবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আওয়ামী লীগের গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শামীম চৌধুরী এসব কথা বলেন।
দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যন দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ইউপি চেয়ার‌্যম্যান, প্রভাষক জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, আবুল হোসেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, আওয়ামী লীগ নেতা রেজা মিয়া তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, শ্রমিকলীগ নেতা সজীব মালাকার, জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হুমায়ূন কবির রুবেল প্রমুখ।