ছাতকে আজ ভোট আ.লীগের দুই পক্ষের শক্তি প্রদর্শন হতে পারে

স্টাফ রিপোর্টার
ছাতকের ১৩ ইউনিয়নের নির্বাচন আজ। এর মধ্যে ১০ টিই আওয়ামী লীগে-আওয়ামী লীগে লড়াই হওয়ায় কথা জানিয়েছেন স্থানীয় ভোটাররা। অর্থাৎ ১০ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা ঠেকাতে নেমেছেন দলের বিদ্রোহীরা। আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের নেতারা বুধবার দুপুর থেকেই ছক তৈরি করেছেন কোথায় কীভাবে প্রতিপক্ষের ভোট কারচুপি ঠেকাতে হবে। আবার কোথায় নিজের প্রার্থীকে যেনতেন ভাবে জয়ী করে আনতে হবে সেই ছকও কষছেন তারা। এই উপজেলায় দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। এক পক্ষের নেতা স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, অপর পক্ষের নেতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
বুধবার সকাল থেকেই যেখানে নৌকার পক্ষে জাল ভোট দেওয়া হতে পারে বা ভোট কেন্দ্রে শক্তি প্রয়োগ হতে পারে সেসব কেন্দ্রে সাংবাদিকেদের রাখার জন্য নানাভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেছেন দলের বিবদমান দুই গ্রুপের নেতারা।
ছাতকের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন- ছাতক সদর, সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও কালারুখায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ-ই নিজেদের প্রার্থীকে জয়ী করে আনতে শক্তি প্রয়োগ করবে।
ছাতক সদর ইউনিয়ন স্থানীয় আওয়ামী লীগের কালাম সমর্থক প্রার্থী সাইফুল ইসলামকে ঠেকাতে দলীয় বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়ার পক্ষে ইউনিয়নের চারচিড়া সুজন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সেলিম মিয়ার ভোটারদের ভয়ভীতি দেখানো হতে পারে ইউনিয়নের রাতগাঁও, মধুকুনি ও মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সিংচাপইড় ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কালাম-শামীম সমর্থক সাহাব উদ্দিন সাহেলকে ঠেকাতে ইউনিয়নের জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শক্তি প্রয়োগ হতে পারে। আবার এই ইউনিয়নের দলীয় বিদ্রোহী প্রার্থী যুব লীগ নেতা মোজাহিদ আলীর ভোটারদের ভয়ভীতি দেখানো হতে পারে মহদি, কালেশ্বরী এবং কাশগাঁও কেন্দ্রে।
কালারুখ  ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কালাম-শামীম সমর্থক অদুদ আলমের সমর্থকরা মাধবপুর কেন্দ্রে এবং এই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আফতাব মিয়ার সমর্থকরা রাজাপুর কেন্দ্রে শক্তি প্রয়োগ করতে পারে।
এছাড়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক সমর্থক সুন্দর আলীকে ঠেকাতে চাকলপাড়া মাদ্রাসা ও তকিপুর কেন্দ্রে শক্তি প্রয়োগ হতে পারে।
নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মুহিবুর রহমান মানিক সমর্থক মো. আফজাল আবেদীনকে ঠেকাতে চাঁনপুর, আসাদনগর, রাজারগাঁও ও শারফিননগর কেন্দ্রে শক্তি প্রয়োগ হতে পারে।
উত্তর খুরমা ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিল্লাল হোসেনের পক্ষে আমেরতল কেন্দ্রে শক্তি প্রদর্শন হতে পারে।
স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থক ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী’র ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী পরস্পরের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর বিষয়ে এবং দলের প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেবার অভিযোগ আনেন এবং দুজনেই দাবি করলেন তারা নৌকার পক্ষেই আছেন।