তনু হত্যা জেলা সদর ও জগন্নাথপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন কলেজের শিক্ষকরাও। বুধবার দুপুর ১২ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সহকারী অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের, প্রভাষক রামানুজ রায়, নোয়াজ উদ্দিন, প্রণয় চন্দ্র সরকার, ফারজানা সুমা, তাসলিমা আক্তার, কাঞ্চন বৈদ্য, শরীর চর্চা শিক্ষক আলমগীর তালুকদার, সহকারী লাইব্রেরিয়ান স্বপন রায়, শিক্ষার্থী ফারহানা আক্তার, রেজাউল প্রমুখ।
এদিকে একই   দাবিতে একই সময়ে সুনামগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারী কলেজ শাখা। সরকারি কলেজের মানববন্ধনে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামান, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক দীপাল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পুলক তালুকদার, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
পৃথক পৃথক মানববন্ধনে বক্তারা অবিলম্বে তনু’র হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে  জগন্নাথপুর উপজেলা ছাত্র কল্যাণ ফাউন্ডেশন’র উদোগে স্থানীয় পৌর পয়েন্টে এ কর্মসূচী পালিত হয়।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেন জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, উদীচী শিল্পী গোষ্ঠী, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মরহুম মাষ্টার আবদুল আহাদ স্মৃতি পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্ব স্তরের শত শত মানুষ।
মানববন্ধব শেষে উপজেলা ছাত্র কল্যাণ ফাউন্ডেশন’র আহবায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সদস্য সচিব রাশিদ আহমদ মুরাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়, শিক্ষক মুর্শেদ আহমদ চৌধুরী, সাইদ আহমদ, কামাল হুসেন, পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক ছালিক আহমদ ডন, যুবলীগ নেতা আকমল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, সাংস্কৃতিক কর্মী সায়েক আহমদ, আশুক চন্দ্র, জয়ন্ত পাল, বিশ্বজিত সরকার,শিক্ষার্থী ফারহাদ আহমদ, মিল্লাদ আহদ, রিপন মিয়া, রনি রাজ, জহিরুল ইসলাম, খোকন নাঈম, কবির আহমদ  প্রমুখ।