ছাতকে ইয়াকুব আলী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের শিবনগর গ্রামের বাসিন্দা মাওলানা ইয়াকুব আলী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গোবিন্দগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দিঘলী রামপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর আলমসহ হত্যা মামলার প্রধান আসামীরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। এসব আসামীরা নির্মমভাবে মাওলানা ইয়াকুব আলীকে হত্যা করেছে। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত ওই আসামীরা চাঁদাবাজীসহ সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। গুটি কয়েক সন্ত্রাসীর কারনে বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার শান্তিপ্রিয় মানুষ জিম্মি হয়ে আছে। এসময় বক্তারা ইয়াকুব আলী হত্যাকারী এসব সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে আলোচিত মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।
অ্যাড. আবুল কালাম কেনু মিয়ার সভাপতিত্বে এবং আতাউর রহমান এমরান ও এনামুল হকের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন কাচা মিয়া, উপাধ্যক্ষ মহিউদ্দিন, স্থানীয় মুজিবুর রহমান, আরশ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জইন উদ্দিন আহার, সামছুল আহমদ মেম্বার, আফরোজ বখত, গৌছ আহমদ, আলী আশরাফ তাহিদ, দিদার আলম মেম্বার, হুসাইনুজ্জামান, সাবেক ইউপি সদস্য নূর আলম।
সভা শেষে সন্ত্রাসী হামলায় নিহত মাও. ইয়াকুব আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।