ছাতকে কলেজ ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের- আতংকে অর্ধশতাধিক পরিবার ঘর ছাড়া

ছাতক প্রতিনিধি
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কলেজ ছাত্র রিমন আহমদ (১৮) নিহত হওয়ার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিহতের চাচা মমতাজ উদ্দিন বাদী হয়ে আব্দুস সোবহানকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা আরো ১৫ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।
এদিকে রিমন হত্যাকান্ডের ঘটনায় প্রতিপক্ষের অর্ধশতাধিক পরিবার ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। গ্রেফতার আতংকে প্রতিপক্ষের লোকজন স্বপরিবারে এলাকা ত্যাগ করে চলে যায় আত্মগোপনে। গ্রেফতার এড়াতে প্রতিপক্ষের লোকজন পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কতিপয় স্বার্থান্বেষী মহল বৃহস্পতিবার রাতে ঘর ছাড়া মানুষের বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
মুটোফোনে ভুক্তভোগী আব্দুস সোবহান জানান, প্রতিপক্ষের হামলা ও পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে তিনি ও তার পরিবারসহ গ্রামের আশিক মিয়া, জোয়াদ আলী, আব্দুস ছালাম, আলী হোসেন, ফারুক মিয়া, নুরুল ইসলাম, আবু বক্কর, সজল দাসসহ অন্তত ৫২টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পালিয়ে থাকা লোকজনের বসতঘর ও মালামাল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
উলেল্লখ্য দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র রইছ উদ্দিন ও একই গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আব্দুস সোবহানের মধ্যে দীর্ঘদিনের ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে গ্রামের রইছ উদ্দিনের পুত্র ও জাউয়াবাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রিমন আহমদ কয়েক জন আহত হয়। গুরুতর আহত রিমন আহমদ সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যায়। তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে রিমন পক্ষের লোকজন প্রতিপক্ষের অন্তত ১০টি বসতঘরে একসাথে অগ্নি সংযোগ করে। অগ্নিকান্ডের ঘটনায়  ১০ নারী-শিশু আহত হয়। এদিকে নিহত রিমন আহমদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে গ্রামের মসজিদ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।