ছাতকে কলেজ ছাত্র হত্যার ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

ছাতক প্রতিনিধি
ছাতকে সহপাঠীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র আল-আমিন নিহত হওয়ার ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আনফর আলী ওরফে কাঁচা মিয়া বাদী হয়ে আক্কাছ আলীসহ ৩ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা(নং-২১) দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলো, চরমহল্লা ইউনিয়নের মুজরাই গ্রামের আরজক আলীর পুত্র ও জাউয়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র আজিজুল ইসলাম এবং জাউয়া ইউনিয়নের লক্ষ্মণসোম গ্রামের আব্দুল হাসিমের পুত্র ও একই কলেজের ২য় বর্ষের ছাত্র সাইদুল হক। সোমবার রাতেই নিজ বাড়ি থেকে সাইদুল হককে গ্রেফতার করে পুলিশ। মামলার অন্য আসামী আজিজুল ইসলাম পলাতক রয়েছে। সোমবার নারীঘটিত বিষয়   নিয়ে সহপাঠী আক্কাছ আলীর ছুরিকাঘাতে নিহত হয় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের কাঁচা মিয়ার পুত্র ও জাউয়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র আল-আমিন। এ ঘটনায় কৈতক পয়েন্ট থেকে জনতা আক্কাছ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় আহত হয় আল-আমিনের ৩ সহপাঠী দিলাল আহমদ(১৮), জুনেল আহমদ(১৮) ও নাজমুল ইসলাম(১৮)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত দিলাল আহমদ(১৮) ও জুনেল আহমদ(১৮)’র মধ্যে দিলাল আহমদের অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে। আহত নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।