স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর ওপর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজার এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের আয়োজন করে ‘সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’।
মানববন্ধনে সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকশেদ আলী, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও লেখক মো. আবু সুফিয়ান, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জাপা নেতা রশিদ আহমদ, সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’র আহ্বায়ক মো. আব্দুর রব, সদস্য সচিব সাংবাদিক আকরাম উদ্দিন, আ.লীগ নেতা শাহ নুর ও তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মোতাল্লিব, সুরমা ইউপি সদস্য আবুল কালাম ও আব্দুল মন্নান। এছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশ নেন উত্তর সুরমা মটরবাইক সমিতি, ভৈষারপাড় যুব সংঘ, শাহীন মটরপার্টস ও আহম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মঙ্গলকাটা দক্ষিণপাড়া সমাজকল্যাণ যুব সংঘের লোকজন।
সমাবেশে বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের উত্তর সুরমা এলাকায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। এসব মানুষের জীবনমানের উন্নয়ন নেই, স্বাস্থ্যসেবার উন্নয়ন নেই, রাস্তা-ঘাটের উন্নয়ন নেই। এই এলাকার বালি-পাথর, মাছ, সবজি, হাট-বাজার, একাধিক ফেরি ইত্যাদি থেকে প্রতিবছর লাখ লাখ টাকা সরকার রাজস্ব পাচ্ছেন। এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সদর উপজেলায় সুরমা নদীর ওপর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণ জরুরি প্রয়োজন।’


