ছাতকে খাদ্য গুদামকে ঘিরে সরকারী চাল ক্রয়-বিক্রয়ের জমজমাট ব্যবসা

ছাতক প্রতিনিধি
ছাতকে খাদ্য গুদামকে ঘিরে অবৈধভাবে চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। দীর্ঘদিন থেকে এখানে চোরা কারবারীরা দু’টি সিন্ডিকেটে বিভক্ত হয়ে চালের চোরাই ব্যবসা করে যাচ্ছে।
সিন্ডিকেট ব্যবসায়ীদের সাথে রয়েছে খাদ্য নিয়ন্ত্রক অফিস, গুদাম কর্মকর্তা ও কর্মচারীর গভীর সখ্যতা। ফলে সরকারী চাল ক্রয়-বিক্রয়ের হিড়িক ও গুদামের চাল বদল করে বস্তা পরিবর্তনের মাধ্যমে আবারো চাল গুদামজাত করার অভিযোগ উঠেছে।
বস্তা বদলের জন্য শহরের ভেতরে ১টি ও আমেরতল এলাকার ১টি গুদাম ব্যবহার করছে সিন্ডিকেট। সম্প্রতি চাল ব্যবসার নামে গুদামের নৈশ প্রহরী আজফর আলী ও শ্রমিক ইমান আলী শহরের ক’জন ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭০ লক্ষ টাকা নিয়ে আত্মসাত করেছে  বলে জানা গেছে।
এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকে নিস্পত্তি না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক থানায় পৃথক অভিযোগ দেয়া হয়েছে।
গুদামের নৈশ প্রহরী আজফর আলী ও শ্রমিক ইমান আলী বর্তমানে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করছেন। ৫ জুলাই রাতে আজফর আলী ও শ্রমিক ইমান আলীকে আটক করে ব্যবসায়ীরা মারপিট করেছে। আজফর আলী চাকুরী হারানোর ভয়ে হাসপাতালে ভর্তি না হলেও ৬ জুলাই ইমান আলী আহত অবস্থায় ছাতক হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি।   জানা গেছে, গুদাম কেন্দ্রিক চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেছেন আজফর আলী ও ইমান আলীর সাথে শহরের ক’জন ব্যবসায়ী। শেষ পর্যন্ত গত ৩ মাস ধরে তাদের ৭০লক্ষ টাকা আটকা পড়ে আজফর আলীর কাছে। এসব বিষয়কে কেন্দ্র করে এখন ফাঁস হতে চলেছে গুদাম ভিত্তিক অবৈধভাবে চাল ক্রয়-বিক্রয়ের গোপন কথা। গুদাম থেকে প্রজেক্টের চাল উত্তোলন না করে সিন্ডেকেটের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যাওয়া হয়। আর প্রজেক্টের কাগজ হাত বদল হয়ে গুদাম থেকে চাল তুলে নিচ্ছেন সিন্ডিকেট ব্যবসায়ীরা।
এছাড়া টিআর, কাবিখা, ওএমএস, ফেয়ার প্রাইজ, ভিজিএফ, ভিজিডির চালের একটি অংশ প্রায় প্রকাশ্যেই ক্রয়-বিক্রয় হচ্ছে উপজেলা পরিষদ চত্ত্বর ও গুদাম এলাকায়। অধিকাংশ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ডিলাররা এসব চাল বিক্রি করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারী চাল বিক্রির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে উপজেলা খাদ্য অফিস ও খাদ্য গুদামে নিয়োজিত একাধিক কর্মকর্তা-কর্মচারী। প্রতি মাসেই গুদামের শ-শ টন সরকারী চাল ক্রয়-বিক্রয় হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে। সরকারী চাল ডেলিভারীর তারিখ অনুযায়ী চিহ্নিত সিন্ডিকেট ব্যবসায়ী ও তাদের দালালদের উপজেলার সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে ভিড় জমাতে দেখা গেছে। বেপরোয়াভাবে সরকারী চাল বিক্রি বন্ধ ও বস্তা বদলকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা না নেয়া হলে সরকারের মুখ্য উদ্দেশ্য ব্যহত ও সুবিধাভোগীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বলে অনেকেই মন্তব্য করেছেন।
খাদ্য গুদামের শ্রমিক ইমান আলী জানায়, গুদাম ভিত্তিক চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসায় জড়িত রয়েছেন শহরের কয়েকজন ব্যবসায়ী ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যবসায়ীদের টাকা লেনদেনের বিষয়টি তিনি স্বীকার করেন। নৈশ প্রহরী আজফর আলী জানান, ব্যবসায়ীদের সাথে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন জানান, ডেলীভারী অর্ডার দেয়ার পর সংশ্লিষ্টরা চাল বিক্রি করছেন বলে তার জানা নেই। চাল সংক্রান্ত বিষয়ে গুদামের নৈশ প্রহরী আজফর আলীর বিরুদ্ধে একটি অভিযোগ তার দপ্তরে রয়েছে স্বীকার করে তিনি এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন।
গুদাম রক্ষক আমিনুল ইসলাম ভুঁইয়া জানান, তিনি ৬ মাস আগে ছাতক খাদ্য গুদামে যোগদান করেছেন। এ সময়ের মধ্যে এখানে চাল ক্রয়-বিক্রয়ের কোন ব্যবসা দেখতে পাননি। আজফর আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি তার যোগদানের আগে হতে পারে। তবে এ সংক্রান্ত বিষয়ে তদন্ত হচ্ছে।