বিজয় রায়, ছাতক
ছাতক সিমেন্ট কারখানা নিয়ম বহির্ভূতভাবে কারখানার কাঁচামাল চুনাপাথর সেনাকল্যাণ সংস্থার নামে খোলাবাজারে বিক্রির অভিযোগে কারখানা কর্তৃপক্ষের সাথে ছাতকের ব্যবসায়ী নেতৃবৃন্দের সৃষ্ট জটিলতা সমঝোতা বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কারখানার এমডি’র কার্যালয়ে কারখানার এমডি কাজী রুহুল আমিন, ভারপ্রাপ্ত জিএম প্রকৌশলী আবু সাইদ, উপ-প্রধান প্রকৌশলী মাহবুব এলা, প্রধান প্রকৌশলী (যান্ত্রীক) আখতারুজ্জামান, ডেপুটি চীপ একাউন্টেন গাজী সিরাজুল ইসলাম, প্রশাসনিক বিভাগীয় প্রধান অমল পালসহ কর্মকর্তাগণ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সমঝোতা বৈঠক মিলিত হন। বৈঠকে সেনাকল্যাণ সংস্থা ছাড়া অন্য কোন ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের কাছে কারখানার চুনাপাথর বিক্রি করবেন না বলে কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাতক সিমেন্ট কারখানার প্রধান কাঁচামাল চুনাপাথর অবৈধ পন্থায় খোলাবাজারে বিক্রি করে আসছেন কারখানা কর্তৃপক্ষ। সেনাকল্যাণ সংস্থার নাম ব্যবহার করে এসব চুৃনাপাথর বিভিন্ন ব্যবসায়ী ও চুন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট বিক্রির কারণে এখানের চুনাপাথর ব্যবসায় দেখা দিয়েছে চরম মন্দাভাব। ফলে এখানের চুনাপাথর ব্যবসায়ী ও চুন উৎপাদনকারী কারখানা মালিকগণ মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বিষয়টি নিশ্চিত হয়ে ছাতক সিমেন্ট কারখানার
কাঁচামাল বিভিন্ন অজুহাতে খোলাবাজারে বিক্রি করার প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ছাতক লাইমষ্টোন ইর্ম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্রুপ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতি ও ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি। প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার নদীপথে মাইকিং করে খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ ও সিমেন্ট কারখানা ঘাট থেকে বার্জ, কার্গো ও বাল্কহেডে কারখানার বিক্রিত চুনাপাথর লোড নিতে নিষেধ দেয়া হয়।
ছাতক লাইনষ্টোন ইম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, কারখানার কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীরা ব্যক্তি স্বার্থে সেনাকল্যাণ সংস্থার নাম ব্যবহার করে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে। এতে এখানের ব্যবসায়ীদের ক্ষতি সাধনসহ দেশের গর্বিত সেনাবাহিনীকে পরোক্ষভাবে কলুষিত করা হচ্ছে। সেনাবাহিনীর প্রয়োজনে চুনাপাথর সরবরাহসহ সব ধরনের সহায়তা দিতে সম্মত রয়েছে এখানের ব্যবসায়ীরা। কিন্তু অবৈধ পন্থায় সিমেন্ট কারখানাকে চুনাপাথরের ব্যবসা করতে দেয়া যাবে না।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও খোলাবাজারে কিছু পাথর বিক্রির কথা স্বীকার করে কারখানার এমডি কাজী রুহুল আমিন জানান, কারখানার জন্য প্রতি মাসে ১৮হাজার মেট্রিক টন চুনাপাথর আমদানীর উদ্ধৃত কিছু চুনাপাথর সেনাকল্যাণ সংস্থার কাছে বিক্রি করা হয়। এখন থেকে সেনাকল্যাণ সংস্থা ছাড়া কারখানার চুনাপাথর অন্য কোথাও বিক্রি না করার বিষয়ে বৈঠকে ব্যবসায়ীদের আশ্বস্থ করা হয়েছে।
এসময় বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ছাতক লাইমষ্টোন ইর্ম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, জেনারেল সেক্রেটারী সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, এসিষ্ট্যান্ট সেক্রেটারী অরুণ দাস, ফাইন্যান্স সেক্রেটারী আলী আমজদ, অফিস সেক্রেটারী শেখ কামাল হোসেন, সাবেক সেক্রেটারী মাও. আকিক হোসেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপত্বি জয়নাল চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি সালেহ আহমদ, কোষাধ্যক্ষ হাজী আলী আজগর সোহাগ, প্রচার সম্পাদক হাজী সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাধারণ সম্পাদক সামছু মিয়া, কোষাধ্যক্ষ আমির আলী, ব্যবসায়ী আবু হুরায়রা ছুরত, সিকান্দর আলী বাদশা, বাবুল মিয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


