ছাতকে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

ছাতক প্রতিনিধি
ছাতকে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-চাকলপাড় ও ভেরাপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।              জানা যায়, গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন যাত্রী ছাউনীতে সিগারেট খাওয়া নিয়ে ভেরাপুর গ্রামের ময়না মিয়ার পুত্র ফাইম ও চাকলপাড় গ্রামের আজমল মিয়ার পুত্র হারুন মিয়ার কথা কাটাকাটি ও হাত-হাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন মধ্যস্ততা করে বিষয়টি মীমাংসা করে দেন। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে গোবিন্দগঞ্জ পয়েন্টের একটি টেলিকম সেন্টার ও মন্তাজ এন্টাপ্রোইজ নামক দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে সংঘর্ষকারীরা। ক্ষতিগ্রস্ত হয় ফুটপাতের ফল, সবজীসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান। দফায়-দফায় সংঘর্ষে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পথচারী, ব্যবসায়ীসহ উভয় পক্ষের ৪০ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত জুবেল মিয়া (২২), আািজর উদ্দিন(২২), জুনাই মিয়া (৫৫) ও রুয়েল মিয়া(২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিরহাম উদ্দিন (৩২), ইকবাল হোসেন (৩০), ইসলাম উদ্দিন (২৮), তাজ উদ্দি (২৫), ইকবাল(১৮), বজলু মিয়া (৩৫), রুবেল (১৮), ফাইম (২০), মোশাইদ আলী (৪৮), শাহীন মিয়া (২৫), খালেদ আহমদ (৩০), নিছাব (২৫), ব্যবসায়ী নজরুল হক (৩৫) সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।