ছাতক প্রতিনিধি
ছাতকে চোর সন্দেহে এমদাদুল হক (২২) নামের এক যুবককে রশি দিয়ে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন আহত এমদাদুল হককে দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের আজফর আলীর পুত্র। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ
করছে।
জানা যায়, পরশপুর গ্রামের তেরা মিয়ার পুত্র শিপন মিয়ার মালিকানাধীন রাইস মিলের ক্যাশ থেকে টাকা চুরির ঘটনায় এমদাদুল হককে সন্দেহ করে মালিকপক্ষের লোকজন। তারা চোর সনাক্ত করতে স্থানীয় এক ভন্ড পীরের সাহায্য নেয়। কথিত পীরের কথা অনুযায়ী মালিক পক্ষের লোকজন এমদাদুল হক চুরির ঘটনায় জড়িত বলে দাবি করে। বৃহস্পতিবার সকালে মালিক পক্ষের লোকজন এমদাদুল হককে বাড়ি থেকে ডেকে এনে রাইস মিলের ভেতরে নিয়ে পা-বেঁধে রাখে। পরে মিলের দরজা বন্ধ করে ৩-৪ জন এমদাদুল হকের উপর চালায় অমানবিক নির্যাতন। লোহার রড, স্টিলের পাইপ ও বিদ্যুতের তার দিয়ে বেধরক পেটাতে থাকে তারা। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল এসে দরজা ভেঙ্গে মারধরকারীদের হাত থেকে এমদাদুল হককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


