ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদলের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে আমিন ফিলিং ষ্টেশনের স্বত্ত্বাধিকারী বিএনপি নেতা রুহুল আমিন বাদী হয়ে উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি মতিউর রহমান রুমানকে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে মামলা (নং-০৮) দায়ের করেন। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক ছাত্রদল নেতা আব্দুল মোমিনকে সোমবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ছাত্রদলের দু’কর্মীর গ্রুপ পরিবর্তনকে’ কেন্দ্র করে রবিবার দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন নেতৃত্বাধীন গ্রুপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, ব্যবসায়িসহ ২০ ব্যক্তি আহত হয়। এ সময় সংঘর্ষে লিপ্ত ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপি নেতা রুহুল আমিনের মালিকানাধীন আমিন ফিলিং ষ্টেশন, ছাত্রদলের একাংশের সভাপতি রুমানের মালিকানাধীন পরিজা মার্কেট ও ভিশন ডায়গনস্টিক সেন্টারসহ দু’টি দোকান কোঠা এবং একটি মোটারসাইকেল ভাংচুর করে।


