ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত শাখাওয়াত হোসেন ইফতি (২৩) মৃত্যুবরণ করেছে। রবিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ইফতি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইমলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী সুনু মিয়ার পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের ছাত্র।
৩১ মে বিকেলে সুরমা নদীর উত্তরপাড় গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাখাওয়াত হোসেন ইফতি। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১৫দিন পর তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

