ছাতকে ছোট বোনের বাড়িতে বড় বোন আটক পুলিশি সহায়তায় উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকে ছোট বোনের বাড়িতে বন্দিদশা থেকে মকবুন নেছা নামের বড় বোনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ছাতক থানার এসআই চম্পক দাম উপজেলার নোয়ারাই  ইউনিয়নের রাজারগাঁও গ্রাম থেকে তাকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেন। মকবুন নেছা একই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
এ ব্যাপারে শুক্রবার মকবুন নেছার পুত্র আমিনুল হক থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক কলহের কারণে গত ২৬ মার্চ মকবুন নেছা (৫৬) নিজ বাড়ি থেকে ছোট বোনের বাড়ি একই ইউনিয়নের রাজারগাঁও গ্রামে যায়। সেখানে কয়েক দিন থাকার পর ছোট বোন হাবিবুন নেছা ও তার স্বামী আব্দুল মনির মিলে মকবুন নেছার নামে থাকা জায়গা-জমি ছোট বোনের নামে লিখে দিতে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে মকবুন নেছাকে জোরপূর্বক আটক রেখে জায়গা জমি ছোট বোন হাবিবুন নেছার নামে লিখে নেয়ার চেষ্টা করা হয়। প্রায় ১মাস ২০ দিন ধরে বৃদ্ধা মকবুন নেছাকে আটকে রেখে মানসিক নির্যাতন করা হলে শুক্রবার পুলিশের সহায়তায় হবিবুন নেছার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ছাতক থানার উপ-পরিদর্শক চম্পক দাম জানান, বিষয়টি নিয়ে তাদের পারিবারিক সমস্যা ছিল। বৃদ্ধাকে উদ্ধার করে তার স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে।
অভিযুক্ত আব্দুল মনির আনিত অভিযোগ অস্বীকার করে জানান, মহিলার পারিবারিক সমস্যা থাকায় আমি আশ্রয় দিয়েছিলাম।