সরকারি কর্মকর্তার বাসায় রিলিফের চাল

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা সদরের কলেজ রোডের সরকারি কোয়ার্টার থেকে ২০ বস্তা রিলিফের (ভিজিডি) চাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজিপ) কর্মকর্তা আব্দুস সালামের ‘রাইঙ্গা’ ভবনের ২য় তলার কক্ষ থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তাগুলোর গায়ে সরকারি খাদ্য অধিপ্তরের সিল রয়েছে জানা গেছে। তবে রিলিফের ৩৫ বস্তা চাল তিনি খাওয়ার জন্য কিনেছিলেন বলে নিজেই স্বীকার করেছেন আব্দুস সালাম।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি শনিবার সকালে আকস্মিক বিআরডিবির পজিপ কর্মকর্তা আব্দুস সালামের বাসা পরিদর্শন করেছেন। এসময় তাঁরা একটি কক্ষের মধ্যে খাদ্য অধিপ্তরের সিল দেওয়া ২০ বস্তা চাল দেখতে    পান। সরকারি চাল কিভাবে তার কক্ষে আসল জানতে চাইলে নিজে খাওয়ার জন্য কিনে রেখেছেন বলে জানান ওই কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক চালগুলি উপজেলা অডিটরিয়ামে রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যকর্মীরা জানান, ওই কর্মকর্তার সরকারি কোয়ার্টার থেকে চাল উদ্ধারের সময় তারা বাসার ভেতরে ২৫ বস্তা চাল দেখতে পেয়েছেন ।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পজিপের ওই কর্মকর্তার সরকারি বাসায় আরো অনেক বস্তা চাল ছিল। হয়তো কিছু বস্তা সরানো হয়েছে। সবগুলি সরানোর সময় পাননি। ওই সূত্র আরো জানান, এই সরকারি বাসায় কোচিং সেন্টার খোলা হয়েছে। শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তার স্ত্রী। তারা স্বামী-স্ত্রী জামায়াতের রাজনীতির সাথেও জড়িত। তাঁর স্ত্রী জামায়াতের রুকন পর্যায়ের লোক বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম বলেন,‘ আমার বাসায় কোচিং সেন্টার খোলা হয়নি। আমার ছেলে মেয়ের সাথে কিছু ছাত্র-ছাত্রীরা মাঝে মধ্যে আমার বাসায় আসে। আমি ও আমার স্ত্রী কেউ জামায়াতের রাজনীতি করি না। এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর, উদয়পুর ও হটামারা গ্রামের দরিদ্র লোকদের কাছ থেকে বাসার সামনে আমি ৩৫ বস্তা চাল কিনে রেখেছিলাম। নিজের খাওয়ার প্রয়োজনে এসব চাল কিনেছিলাম। আমার ভুল হয়ে গেছে, সরকারি চাল কিনে রাখলে আমার ক্ষতি হবে জানলে অবশ্যই রাখতাম না। খাওয়ার পর যেগুলি রয়েছে সেগুলি ইউএনও স্যার নিয়ে গেছেন। ’  
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘গোপন সূত্রের খবর পেয়ে আমি ও ইউএনও সাহেব বিআরডিবির কর্মকর্তার কক্ষ পরিদর্শন করে ওই ২০ বস্তা চাল দেখতে পাই। ইউএনও সাহেব চালগুলি জব্দ করে তাঁর নিজের হেফাজতে নিবেন বলে নির্দেশ দিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘বিআরডিবির কর্মকর্তার সরকারি কোয়াটার থেকে এসব সরকারি চাল উদ্ধার করে জব্দ করে রাখা হয়েছে। ওই কর্মকর্তা দাবি করেছেন চালগুলি তিনি কিনে রেখেছেন। কার কাছ থেকে কোথা থেকে এসব চাল তিনি কিনেছেন তার জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে। ’