ছাতকে টায়ার কারখানা স্থাপনে ভূমি নিয়ে পেপারমিল কর্তৃপক্ষ ও বাঁশখালা গ্রামবাসী মুখোমুখী

ছাতক প্রতিনিধি
ছাতকে নিজের ভূমি চিহ্নিত না করে নতুন টায়ার কারখানা স্থাপনের প্রক্রিয়া শুরু করায় ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপারমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি দিয়েছে শহরের বাঁশখালা গ্রামবাসী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লেবারপাড়া ও বাঁশখালা গ্রামের মধ্যবর্তী স্থানে পেপার মিল প্রতিষ্ঠার সময় বাঁশখালাসহ আশপাশের গ্রামের মানুষের বহু ভূমি অধিগ্রহণ করে তৎকালীন মিল কর্তৃপক্ষ। কিন্তু অধিগ্রহণকৃত এসব ভূমি ওই সময়ে চিহ্নিতকরণ ও সীমানা নির্ধারণ করা হয়নি। পরবর্তিতে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ভূমি চিহ্নিত না করেই ২০০৪ সালে নিটল-নিলয় গ্রুপের কাছে মিল ও মিলের স্থাবর-অস্থাবর সম্পত্তি লিজ প্রদান করে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার। তখন বন্ধ মিলটি পুনরায় চালু করার শর্তে আব্দুল মাতলুব আহমেদের নিটল-নিলয় গ্রুপের কাছে দীর্ঘ মেয়াদে লিজ প্রদান করা হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে গ্রামবাসীর পক্ষে শামছু মিয়া, আব্দুস ছাত্তার মেম্বার, বুরহান উদ্দিন, সাবেক কমিশনার সামছু মিয়া, আব্দুল মতিন, জাকির হোসেন, আব্দুল্লাহ মিয়া, আব্দুর রশিদ সহ লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করেছেন।