ছাতকে ডিলারের বিরুদ্ধে নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে এক ডিলারের বিরুদ্ধে নকল ও ভেজাল সার বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত এ ডিলার ভেজাল সার বিক্রি করে পরবর্তিতে কৃষকের টাকা ফেরৎ দিতে বাধ্য হয়েছেন। উপজেলার জাউয়াবাজারের সার ডিলার নুরুল আমিনের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। এ ছাড়া নিয়োগকৃত অনেক ডিলাররাই আছেন যারা      
 প্রকৃত সারের পাশাপাশি গোদামে ভেজাল সার রেখে কৃষকদের প্রতারিত করছে। স্থানীয় একাধিক কৃষকের অভিযোগ উপযুক্ত সময়ে জমিতে ভেজাল সার প্রয়োগ করে কাংখিত ফলন থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এসব অসাধু ব্যবসায়ী ও তাদের অবৈধ কাজে সহযোগিতা করা সরকারী কর্মকর্তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেছেন ভুক্তভোগি কৃষকরা।
এ ব্যাপারে দক্ষিন খুরমা ইউনিয়নের মায়েরকুল গ্রামের কৃষক আনোয়ার হেসেন, বড় মায়েরকুল গ্রামের কৃষক মাহমুদ আলী, মখলুছ আলী, নুর মিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে ভেজাল সার বিক্রির অপরাদে জাউয়া মা বীজঘরের মালিক সার ডিলার নুরুল আমিনের বিরুদ্ধে গত ৮ জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়,  অভিযোগ কারীরা দক্ষিণ খুরমা এলাকায় প্রায় ৮০ একর বোরো ফসল চাষাবাদ করে থাকেন। বোরো রোপণের পর জমিতে প্রয়োজনীয় সার দিতে গত বছরের ২৮ ডিসেম্বর জাউয়াবাজারের সার ডিলার নুরুল আমিনের মা বীজঘর থেকে ৭ হাজার টাকা মূল্যের টিএসপি এবং এমওপি সার ক্রয় করেন অভিযোগকারী কৃষকরা। কিন্তু তাদের প্রকৃত সার না দিয়ে চায়না টিএসপি ও লালতী মিশ্রিত ভেজাল সার দেয়ায় জমিতে এসব সার প্রয়োগ করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জেনে ইউনিয়নে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসিফ হোসেন ক্ষতিগ্রস্ত কৃষক ও ডিলারকে নিয়ে চেচান বাজারে সালিশ-বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করে দেন। এসময় ভেজাল সার বিক্রি করায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ হাজার টাকা ফেরৎ দেন ডিলার নুরুল আমিন।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, ভেজাল সার বিক্রি করার অপরাধে মা বীজঘরের মালিক ডিলার নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলায় সুপারিশ পাঠানো হয়েছে। আরো যারা ভেজাল সার বিক্রির সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়া হবে।