ছাতকে ডিস লাইন মেরামত নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ

ছাতক প্রতিনিধি
ছাতকে ডিস লাইনের সংযোগ নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষে গোটা এলাকা পরিণত হয়েছিল রণক্ষেত্রে। দফায়-দফায় সংঘর্ষ চলাকালে গ্রামের নারী-পুরুষের আর্তচিৎকারে এলাকা জুড়ে এক বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। চারটি গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে প্রায় ঘণ্টা ব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়।
শনিবার রাতে নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ, ঠেংগারগাঁও ও বাতিরকান্দি গ্রামবাসীর সাথে নোয়ারাই গ্রামবাসীর লাফার্জ সংলগ্ন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক  হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ডিস লাইনের লাইন অপারেটর নোয়ারাই গ্রামের ময়না মিয়ার সাথে পাটিবাগ গ্রামের দু’ভাই জাবেদ ও জাহেদের লাইন মেরামত সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ময়না মিয়াকে মারধর করে প্রতিপক্ষ। এসময় ময়নার সহযোগি লাইনম্যান তারেক ও সুজন প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়। খবরটি ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায়-দফায় সংঘর্ষ চলাকালে পাটিবাগের পক্ষ নিয়ে পাশ্ববর্তী ঠেংগারগাঁও এবং বাতিরকান্দি গ্রামবাসী নোয়ারাই গ্রামবাসীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়।
আহত ময়না মিয়া (২৫), সাজন (১৮), অলিউর রহমান (৩৫), সাদেক (২৬), তারেক (২২), সুজন (২০), ময়নুল (৩০) জাবেদ (২৪), জাহেদ (১৯), জসিম উদ্দিন (২৪), নুর মিয়া (২৬), বাবুল মিয়া (৫০), মতিউর রহমান (২৫)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।