ছাতকে দুই লবণ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি
ছাতকে লবণ সংকটের গুজব শুরু হওয়ার পর সোমবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীলের নেতৃত্বে মাঠে নামে দুটি মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির গোবিন্দগঞ্জ বাজারের গ্রোসারী দোকানে উপস্থিত হয়ে লবণ বেশী দামে বিক্রি না করার জন্য বিক্রেতাদের সতর্ক করেন পাশাপাশি লবণ সংগ্রহের বিষয়টি পুরোপুরি গুজব বলে বিচলিত না হওয়ার জন্য ক্রেতা সাধারণকে পরামর্শ দেন।
এদিকে ছাতক শহরে লবণ নিয়ে সৃষ্ট লংকাকা- সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। তিনি মাঠে নেমেই দোকানীদের সতর্ক করেন এবং অধিক মূল্যে বিক্রি করা লবেণের বাড়তি টাকা দোকানীদের কাছ থেকে ফেরত নিয়ে ক্রেতাদের বুঝিয়ে দেন। বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী লবণের কৃত্রিম সংকট সৃষ্টি ও চড়া মুল্যে বিক্রির চেষ্টায় লিপ্ত ছিল বলে ক্রেতারা জানিয়েছেন।
এদিকে লবণ বাজার মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রির অপরাধে শহরের আলী ট্রেডার্সের মালিক সাইদুল আলম মধুকে ১৫ হাজার ও রায় ব্রাদার্সের মালিক নিতাই রায়কে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বর্তমানে ছাতকে লবণ নিয়ে সৃষ্ট গুজব কেটে গিয়ে লবনের বাজার স্থিতিশীল রয়েছে।