ছাতক প্রতিনিধি
ছাতকে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার রাতে উপজেলার কারারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামের বর পক্ষের লোকজন বিলম্বে আসার কারণে ছাতকের কারারুকা ইউনিয়নের রায়সস্তোপুর গ্রামের কনে পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডার ঘটনা ঘটে। বিষয়টি মধ্যস্থতা করে নিষ্পত্তি করতে মুক্তিরগাঁও গ্রামের কাচা মিয়া ও আমির উদ্দিন এগিয়ে আসেন। এক পর্যায়ে মধ্যস্থতা করতে গিয়ে কাচা মিয়া ও আমির উদ্দিন পক্ষে-বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনার জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ইব্রাহিম আলী(২৬), আমির উদ্দিন(৩০) ও নুরুল আমিন(৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


