ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০

ছাতক প্রতিনিধি
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে জসিম উদ্দিন (২০) নামের এক ফোরষ্ট্রোক চালক নিহত ও  অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত রুপতার মিয়া (২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের লিয়াকত আলী মেম্বার ও ইদ্রিস আলী পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত জসিম উদ্দিন মির্জাপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের লিয়াকত আলী ও ইদ্রিস আলী   পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে লিয়াকত আলী পক্ষের নুর হোসেন ও ইদ্রিছ আলী পক্ষের ইদন আলীর মধ্যে উত্তপ্ত বাক-বিতন্ডা হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।
বুধবার সকালে গণ্যমান্যদের হস্তক্ষেপে বিষয়টি সালিশে নিষ্পত্তির চেষ্টা চলাকালে মাঠে খর ছড়ানো নিয়ে লিয়াকত আলীর ভাগ্নে জসিম উদ্দিন ও ইদ্রিছ আলী পক্ষের আব্দুল মতিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ ব্যাক্তি আহত হয়। এসময় সুলফির আঘাতে গুরুতর আহত জসিম উদ্দিন (২২) ও রূপতার মিয়া(২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জসিম উদ্দিনের মৃত্যু ঘটে। সংঘর্ষে জহিরুল ইসলাম (৪২), কবির আহমদ(২৮), নুর হোসেন(১৮), কফিল মিয়া (১৯), নাজিম উদ্দিন (১৮), সোনা মিয়া (১৮), আঞ্জব আলী (১৯), আরজদ আলী (২৫), সহ অন্যান্য আহতদের ছাতক ও দোয়ারাবাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংবাদ পৌছা মাত্র গ্রামে পুলিশ আতংক ছড়িয়ে পড়েছে। ইদ্রিছ আলী পক্ষের রমজান আলী(৫০), আলী আকবর(২০), ইদন আলী (৪০), আলী হোসেন (২০)সহ আহতরা এবং গ্রামের অধিকাংশ পুরুষই গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে এসআই সৈয়দ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।