ছাতক প্রতিনিধি
ছাতকে দেবরের হামলায় ফারজানা বেগম(২৪) নামের এক গৃহবধূ আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলবাঁক গ্রামে। ফারজানা বেগম গ্রামের সৌদি প্রবাসী ইকবাল আহমদের স্ত্রী এবং ছাতক পৌর শহরের বৌলা এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা নুরুল হকের কন্যা। এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে।
আহত গৃহবধূ ফারজানা বেগম জানান, তার
স্বামী সম্প্রতি সৌদি আরবে চলে গেলে দু’ সন্তান নিয়ে সে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছে। তার শশুর হাজী ফয়েজ আহমদের মৃত্যুর পর তার দেবর মোস্তফা আহমদ জামাতের রাজনীতিতে জড়িয়ে পড়ে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ফারজানা তাকে জামাতের রাজনীতি না করার জন্য অনেকবার বাধা-নিষেধ দেয়ার তার সাথে দেবর মোস্তফা আহমদের মনোমালিন্য সৃষ্টি হয়। সম্প্রতি বেশ কয়েকটি জেহাদী বই ও লিফলেট তার শয়নকক্ষে এনে রাখে। শুক্রবার সন্ধ্যায় এসব জেহাদী বই ঘর থেকে সরিয়ে নিতে বললে দেবর মোস্তফা আহমদ ভাবী ফারজানা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে ফারজানার দুই শিশু সন্তান মাকে জড়িয়ে ধরলে মোস্তফা আহমদ তাদেরকেও চর-থাপ্পর দিয়ে সরিয়ে দেয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গৃহবধূ ফারজানাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর কমান্ডার অজয় ঘোষসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।


