ছাতক প্রতিনিধি
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রিতে নতুন ডিলারশীপ নিয়োগ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকার এক বিতর্কিত ব্যক্তিকে নতুন ডিলার নিয়োগ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করায়
প্রতিবাদী হয়ে উঠে এলাকাবাসী।
বুধবার চেচান গ্রামের নুরুল হকের পুত্র আনোয়ার হোসেনকে নতুন ডিলার নিয়োগ না দেয়ার জন্য স্থানীয় আবুল কাশেমসহ ২৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দেয়া হয়েছে। আবেদনে আনোয়ার হোসেনকে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে উল্লেখ করা হয়। তাকে ডিলার নিয়োগ দেয়া হলে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি মূল্যের চাল বিক্রি ব্যাহত হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, অনিয়ম ও দুনীতির অভিযোগে অক্টোবর মাসে ইউয়িনে নিয়োগপ্রাপ্ত দুই জন ডিলারেরই ডিলারশীপ বাতিল করা হয়। বাতিলকৃত ডিলার দুই জনের পরিবর্তে নতুন ডিলার হিসেবে আব্দুল খালিক ও বিতর্কিত আনোয়ার হোসেনের নাম চূড়ান্ত হওয়ায় স্থানীয়রা এ অভিযোগ দেন।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের কাছেও পৃথক অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, দক্ষিণ খুরমা ইউনিয়নে ইতিমধ্যেই দুই জন নতুন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।


