ছাতকে নিরপরাধ যুবককে গ্রেফতার ১৪ ঘণ্টা আটকের পর মুক্তি

স্টাফ রিপোর্টার
ছাতক ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে পাবেল মিয়া (২৭) নামের এক নিরপরাধ যুবককে গভীর রাতে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে বাড়ি থেকে থানায় নিয়ে ১৪ ঘণ্টা আটক রেখে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। থানার ওসি (তদন্ত) আশরাফ ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পাবেল মিয়া উপজেলার জাতুয়া গ্রামের রহমত আলীর ছেলে। তিনি প্রবাস ফেরত।
অর্থের লোভে তড়িঘড়ি করে আদালতে পাঠানোর সময় রাস্তায় পুলিশ সুপার ও ছাতকের উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে মুক্ত হন পাবেল। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফ ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন ভুল করে তার বিরুদ্ধে জারি করা ওয়ারেন্টটি ফেরত নেয়া হয়নি। মামলাটি নিষ্পত্তি হয়েছে জেনেই পাবেলকে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে একটি মারমারির ঘটনায় জাতুয়া গ্রামে পাল্টাপাল্টি দু’টি মামলা হয়েছিল। একটি মামলায় গ্রামের পাবেল মিয়া আসামী ছিল। এক পর্যায়ে পাবেল মিয়া প্রবাসে চলে যান। পরে ২টি মামলাই নিষ্পত্তি হয়। কিন্তু ওই মামলার ওয়ারেন্ট দেখিয়ে থানার ওসি (তদন্ত) আশরাফ ইসলাম মঙ্গলবার গভীর রাতে পাবেল মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় গ্রামের সবাই মামলা নিষ্পত্তির বিষয়টি বললেও তাতে কর্ণপাত করেননি তিনি। পাবেল মিয়াকে হাতকড়া পড়িয়ে পিছমোড়া করে বেঁেধ গাড়িতে তোলা হয়।
মামলাটি বেশ আগেই নিস্পত্তি হয়ে যাওয়ায় পাবেলের পরিবারের লোকজন বিষয়টি  উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরীকে অবগত করেন এবং পাবেলকে মুক্ত করার অনুরোধ জানান। উপজেলা চেয়ারম্যান তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপারকে অবগত করে পাবেলকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন এবং আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন তার নামে কোন মামলার ওয়ারেন্ট নেই। ছাতক থানার পুলিশ আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন গ্রেফতারকৃত পাবেলের বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট নেই। এর পরও থানার ওসি (তদন্ত) আশরাফ ইসলাম তড়িঘড়ি করে পাবেলকে আদালতে পাঠানোর জন্য হাতকড়া পড়িয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছাতক শহরের বাসস্ট্যান্ড পর্যন্ত পাঠিয়ে দেন। পরে পুলিশ সুপার খোঁজ খবর নিয়ে পাবেলের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট নেই বলে জানতে পারেন এবং তাকে দ্রুত ছেড়ে দেয়ার নির্দেশ দেন। এরপর প্রায় ১৪ ঘণ্টা পর দুপুর ২ টায় হাতকড়া থেকে মুক্ত হন পাবেল।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফ ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন,‘ আটককৃত পাবেলের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল। মামলাটি নিষ্পত্তি হয়েছে ঠিক কিন্তু ভুল করে তার বিরুদ্ধে জারি করা ওয়ারেন্টটি ফেরত নেয়া হয়নি। যখন জানা গেছে এই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে তখনই পাবেলকে ছেড়ে দেয়া হয়েছে। তাকে থানায় হয়রানী করা হয়নি। এসব অভিযোগ সঠিক নয়, উপজেলা চেয়ারম্যান আমার সাথে কোন কথাই বলেন নি।’
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেন,‘ থানার ওসি (তদন্ত) নিজেই আইন লঙ্ঘন করছেন। তিনি একজন নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে হাতকড়া পড়িয়ে নিয়ে গেছেন। সবকিছু জেনেশুনে এলাকার জনপ্রতিনিধির অনুরোধ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে আদালতে পাঠানোর তৎপরতায় ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে ১৪ ঘণ্টা পর বাসস্ট্যান্ড এলাকা থেকে মুক্ত হয় পাবেল। ওসি (তদন্ত) মোটা অংকের টাকার লোভে সাধারণ মানুষের সাথে অমানুষিক আচরণ করেছেন। যা পুলিশ কর্মকর্তার কাছ থেকে মানুষ কোন সময়ই আশা করেন না। বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।’