ছাতক প্রতিনিধি
ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ও বিদ্যুতের (আবাসিক) নির্বাহী প্রকৌশলী রবিউল হক বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, লিয়াকত আলী, দেলোয়ার হোসেন, শামছুর রহমান শামছু, অ্যাড. আব্দুস ছালাম, শাহ ইলিয়াছ মেম্বার, মাও. আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, দমকা হাওয়া ও ঝড় বৃষ্টির কারণে দোয়ারা এলাকায় বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দেয়। দোয়ারার সাথে বিদ্যুৎ লাইন সংযোগ থাকার ফলে বিগত দু’দিন ধরে পৌর শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিদ্যুতবিহীন অবস্থায় ছিল। এসময় দোয়ারা লাইন থেকে শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিদ্যুৎ লাইন আলাদা করে পৃথক লাইনে বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবি জানান বক্তারা। এসব ওয়ার্ডবাসীর গুরুত্ব বিবেচনা করে পৃথক লাইনে বিদ্যুৎ সংযোগ প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
এসময় ওয়ার্ডবাসীর পক্ষে জমির হোসেন, সায়েদ মিয়া, কয়েছ চিস্তী, রুবেল আহমদ, সুমন মিয়া, সোহাগ আহমদ, হানিফ আলীসহ ৩টি ওয়ার্ডের লোকজন উপস্থিত ছিলেন।


