ছাতকে নৌ-শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা, ধর্মঘট প্রত্যাহার

ছাতক প্রতিনিধি
ছাতকে টোল আদায়কারীদের হামলায় আরিজ মিয়া(৩৫) নামের এক ভলগেট শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নৌ-পরিবহন সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে সোমবার দুপুর থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে ছাতক লেবার সর্দার সমিতির পক্ষ থেকে শহরে মাইক যোগে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি প্রচার করা হয়েছে। শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ররিবার রাতে নিহতের চাচাতো ভাই ইয়াকুব মিয়া বাদী হয়ে ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ছড়ারপাড় গ্রামের ওয়ারিছ আলী বতনের পুত্র মারুফ মিয়া(৩০), ইসলামপুর গ্রামের আব্দুল গনির পুত্র গোলাপ মিয়া (৪৫), গনেশপুর  গ্রামের বাসিন্দা কদ্দুছ মিয়া(৩৭) ও শহরের বাজনামহল এলাকার আব্দুর রশীদের পুত্র মুকিত মিয়া(৪৫)সহ অজ্ঞাত ৭-৮জনের বিরুদ্ধে এ হত্যা মামলা(নং-৩২) দায়ের করে।  
এদিকে শ্রমিক হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমুলক শাস্তি ও নৌ-পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার দুপুরে বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড এসোসিয়েশন ও বাংলাদেশ কার্গো-ট্রলার, বাল্কহেড শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবরে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান।
শনিবার সন্ধ্যায় টোল আদায়কারীদের হামলায় ভলগেট শ্রমিক আরিজ আলী নিহত ও অপর শ্রমিক জুয়েল মিয়া আহত হন। ভলগেট শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে দেশব্যাপী নৌ-পথে অনির্দিষ্টকালের জন্য নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড এসোসিয়েশন ও বাংলাদেশ কার্গো-ট্রলার, বাল্কহেড শ্রমিক ইউনিয়ন।