ছাতক প্রতিনিধি
ছাতকে বয়স্কভাতার টাকা না পাওয়া ব্যক্তিকে চাঁদা তুলে সমপরিমাণ টাকা দিয়ে দায় মুক্তি নেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে ভাতাভোগী সোনাফর আলী (কার্ড নং-২১৬)’র পক্ষে তার কন্যা দুই কিস্তির শেষ দিনে ভাতার সমপরিমাণ টাকা বুঝে নেন। গত ১৫ মে নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের মৃত. রহমত উল্লার পুত্র ভাতাভোগী সোনাফর আলী ভাতা তুলতে ব্যাংকে গিয়ে দেখেন তার টাকা উত্তোলন হয়ে গেছে। টাকা না পেয়ে এঘটনার জন্য সমাজসেবা অফিসের কর্মচারী ইউনুস ও খলিলকে দায়ি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মৌখিক অভিযোগ করেন ভাতাভোগী সোনাফর আলীর কন্যা।
অভিযোগের প্রেক্ষিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সমপরিমাণ টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।
ভাতাভোগি সোনাফর আলী প্রতারিত হয়েছেন দাবি করে সমাজসেবা অফিসের কর্মচারী ইউনুস জানান, ভাতাভোগির কার্ডের টাকা ব্যাংক থেকেই প্রতারণার মাধ্যমে উত্তোলন করে নেয়া হয়েছে। এর জন্য দায়ভার বর্তায় ব্যাংকের উপর। সামজসেবা অফিস কোন টাকা লেনদেনে জড়িত নয়। ভাতাভোগির বইটিও উপজেলা মিলনায়তনে পাওয়া গেছে। যেখানে ব্যাংক কর্মকর্তা ভাতাভোগিদের টাকা প্রদান করছিল। অসাবধানতার কারণে ভাতাভোগী তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছিল। সমাজসেবা অফিস সংশ্লিষ্ট হওয়ায় মানবিক বিবেচনায় চাঁদা তুলে ভাতাভোগী সোনাফর আলীর টাকা দেয়া হয়েছে।


