ছাতকে প্রশাসন ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে যে সাময়িক সমস্যা চলছে তা আগামী ডিসেম্বরের মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। বিশেষ কয়েকটি দ্রব্যের মূল্য নির্ধারন করে দেয়া হবে। এসব দ্রব্য নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে বিক্রি করা হলে জরিমানা নয়-সরাসরি জেল দেয়া হবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করেছে।
ছাতকে পরিত্যাক্ত ১৭কিমি রজ্জুপথ সংস্কার পর্যটন শিল্পে ব্যবহারের দাবি প্রেক্ষিতে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। পরে সিলেটের বিভাগীয় কমিশনার ভূমি অফিস, ছাতক পৌরসভা কার্যালয়, সদর ভূমি অফিস ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানা পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন বিভাগীয় কমিশনার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।