ছাতকে ভাইপোর হামলায় ফুফুসহ আহত ৪

ছাতক প্রতিনিধি
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইপোর হামলায় ফুফুসহ একই পরিবারের ৪ মহিলা আহত হয়েছে। হামলাকারীরা তাদের ফুফুর বসত ঘরও ভাংচুর করেছে। আহতদের কৈতক হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১১ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও  
ইউনিয়নের ধারন-গোপালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক ভুমি নিয়ে গ্রামের মৃত আজমত উল্লাহর কন্যা স্বামী পরিত্যক্তা করিমুন নেছার সাথে ভাই মৃত মছদ্দর আলীর পুত্র শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা করিমুন নেছার বসত ঘরে হামলা চালায়। হামলায় বসতঘর ভাংচুরসহ জেএসসি পরীক্ষার্থী বিউটি বেগম (১৪), শেলী বেগম (৪০), ইন্দ্রফুল বেগম (৫০) ও হিরামতি বেগম (৪৫) আহত হয়েছে। করিমুন নেছার স্বামীর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রাম থেকে চলে এসে স্থায়ীভাবে ধারন-গোপালপুর গ্রামের পৈত্রিক ভিটায় বসবাস করছেন।