ছাতকে ভারতীয় মদসহ গ্রেফতার ৩ সিএনজি জব্দ

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় মদসহ ৩ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার এলাকা থেকে মদ পরিবহনকারী একটি সিএনজিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র সিএনজি চালক শফিকুল ইসলাম (২৪), নুরুল্লাপুর গ্রামের মাফিজ আলীর পুত্র বাবুল মিয়া (২৫) ও তাজপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র সাইদুল ইসলাম।
জানা যায়, কালারুকা এলাকা থেকে ভারতীয় মদের চালান নিয়ে সুনামগঞ্জগামী নাফি-রাফি ও নাহিয়া নামের একটি সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সুনামগঞ্জ থ-১১-১৭১৯) জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছলে    
জাউয়া পুলিশ সিএনজিটিকে আটকের চেষ্টা করে। এ সময় দ্রুত গতির সিএনজিটি জাউয়া পুলিশ ফাঁড়ি অতিক্রম করে বাজারে পৌছলে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে গাড়ি ঘুরিয়ে ছাতক রোডে প্রবেশের সময় ব্রীজের মুখে সিএনজিটি উল্টে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি থেকে অফিসার্স চয়েজ, এসিব্ল্যাক, টেংগুসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার ও সিএনজিসহ বিক্রেতা বাবুল মিয়া, সাইদুল ইসলাম ও চালক শফিকুল ইসলামকে আটক করে । এ ব্যাপারে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল দেব জানান, মদ নিয়ে তারা ডাবর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে মদ-গাড়িসহ তাদের আটক করা হয়েছে।’