ছাতকে ভূমি জালিয়াতির অভিযোগে আদালতে মামলা

ছাতক প্রতিনিধি
ছাতকে একই ভুমি দ্বিতীয় বার বিক্রি ও জালিয়াতির অভিযোগে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ মে চরমহল্লা ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত হাজী নছিব উলাহর পুত্র আলাল উদ্দিন বাদী হয়ে একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বিবি (৫০)’র বিরুদ্ধে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ পিটিশন মামলা(নং-৮৮/১৬) দায়ের করেন। আদালত থেকে ছাতকের সাব-রেজিষ্ট্রার অফিসকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেয়া হয়। অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী আলাল উদ্দিন ও আসামী ফাতেমা বেগম আপন দেবর-ভাবী। শাখাইতি মৌজার সাবেক ৬১০ দাগের ৩২ শতক ভূমি বিয়ের সময় শশুর হাজী নছিব উল্লা কাবিননামায় দান করে ছিলেন পুত্রবধু ফাতেমা বেগমের নামে। ১৯৯৩ সালে ৩ ফেব্রুয়ারি এই ভূমি ১৬৪৯ নং দলিলে ফাতেমা বেগম তার আপন দেবর আলাল উদ্দিনের কাছে বিক্রি করেন। খরিদ সুত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে এ ভূমি ভোগ দখর করে আসছেন আলাল উদ্দিন। কিন্তু আলাল উদ্দিনের অজ্ঞাতে বিক্রিত ৩২ শতক ভুমি থেকে ২০১৫ সালের ২৩ নভেম্বর ৫০৩১ নং দলিলে ২০ শতক ভুমি শাখাইতি মহিলা মাদ্রাসা বরাবরে বিক্রি করেন ফাতেমা বেগম। একই ভুমি দ্বিতীয় বার বিক্রি করায় বাদী আলাল উদ্দিনের সাথে প্রতারণা ও জাল-জালিয়াতি করা হয়েছে বলে তিনি এ মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান স্বাক্ষী করা হয়েছে আসামীর স্বামী ও বাদীর ভাই জালাল উদ্দিনকে।