ছাতকে মন্ত্রী রাশেদ খান মেনন-জঙ্গি বিষয়ে সরকারের অবস্থান কঠোর

ছাতক প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ওসমানী বিমান বন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে সরকার সিলেটবাসীর দাবি বাস্তবায়ন করেছে। পর্যায়ক্রমে সব দেশের ফ্লাইট এখানে ওঠা-নামা করবে। রবিবার সকালে ছাতকে আনুষ্ঠানিকভাবে গোবিন্দগঞ্জ হসপিটালের ভিত্তিপস্তর স্থাপন শেষে ইংলিশ মিডিয়াম স্কুল ব্রীজ একাডেমী হলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
দেশে জঙ্গি উত্থানের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী কলেন, জঙ্গি দমনে সরকারের ভূমিকা অত্যন্ত কঠোর। একটি মহলের ইন্ধনে দেশে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। ইসলাম জঙ্গি ও উগ্রতা কখনো সমর্থন করেনা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মপ্রাণ যুকদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে একটি মহল। সহজ-সরল এসব যুবকদের জঙ্গিবাদের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান তিনি।
জমজম হেলথ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও এটিএম কয়েছের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের       
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করেছে। ছাতক হাসপাতালকে ৩০ থেকে ৫০ শয্যায় ও কৈতক হাসপাতালকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। অর্থ উপার্জনের মনোভাব না রেখে সব শ্রেণি পেশার মানুষের সেবার উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ হসপিটাল প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-সার্বিক) শফিউল আলম, সিভিল সার্জন আশুতোষ দাস, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও পার্টির কেন্দ্রিয় সদস্য সিকান্দর আলী, জমজম হেলথ কেয়ারের ডিরেক্টর কাজী আঙ্গুর মিয়া, ওমর আলী, কাজী টুনু মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ব্রীজ একাডেমীর চেয়ারম্যান আইয়ূব করম আলী, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, ব্যাংকার তৈয়ব আলী, সাবেক চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আবুল লেইছ কাহার, মাও. সামছুল ইসলাম, আশিক মিয়া প্রমুখ।
এর আগে মন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুল ব্রীজ একাডেমীর শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এমপি মানিকের দাবির প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর হক নগরকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে মন্ত্রী সহায়তার আশ্বাস দেন।
এসময় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, ছাতক উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাইফুল ইসলাম, গয়াছ আহমদ, বিলাল আহমদ, মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, আ.লীগ নেতা আফজাল হোসেন, আয়না মিয়া, মুক্তিযোদ্ধা আসদ্দর আলী, প্রধান শিক্ষক আতাউর রহমান, শিক্ষক মোস্তাক আহমদ, আহবাব মিয়া, শাহীনুর রাজা চৌধুরী, ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমসহ রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।