ছাতকে মুক্তিযোদ্ধার ভূমি দখলের চেষ্টা

ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারীভাবে সার্ভে করা এক মুক্তিযোদ্ধার ভূমি জোরপূর্বক দখলে নিতে সীমানা খুঁটি উপড়ে ফেলে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মঙ্গলবার মুক্তিযোদ্ধার পুত্র বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, জাহিদপুর মৌজার ৫০ শতক লায়েক পতিত ভূমিতে প্রায় দু’যুগ ধরে কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমের ভোগ দখল করে আসছেন দোলাবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আমির আলী। সরকারী খাজনা পরিশোধসহ প্রায় ৬ মাস আগে উক্ত ভূমি স্থায়ী বন্দোবস্ত এনে বৈধভাবে ভোগ দখল করে আসছেন মুক্তিযোদ্ধা ও তার পরিবার। মুক্তিযোদ্ধা আমির আলীর মৃত্যুর পর স্থানীয় একটি প্রভাবশালী চক্র এ ভূমি জবরদখল নিতে মরিয়া হয়ে উঠে। রোববার সরকারী সার্ভেয়ার বন্দোবস্তকৃত ভূমি সার্ভে করে সীমানা খুঁটি পুঁতে দিয়ে যান। সরকারী সার্ভেয়ার চলে আসার পর পরই প্রতিপক্ষরা লাঠি-সোটা নিয়ে সীমানা খুঁটি উপড়ে ফেলে দেয়। এসময় তারা মুক্তিযোদ্ধার ৫০ শতক ভূমিসহ সরকারী খাস প্রায় ৫ একর ভূমির মালিকানা দাবী করে। এ ভূমিতে পা রাখার দুঃসাহস না দেখানোর জন্য মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি হুমকিও প্রদর্শন করে তারা। এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধা আমির আলীর পুত্র মাসুক মিয়া বাদী হয়ে চেলারচর গ্রামের জুবায়ের আহমদ মানিক, শেরপুর গ্রামের সাজুর আলী, ছায়াদ মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ দেন। বর্তমানে মুক্তিযোদ্ধার পরিবার প্রতিপক্ষের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন।