ছাতকে সংঘর্ষের জের ধরে হাসপাতালে ভাংচুর

ছাতক প্রতিনিধি
ছাতকে মসজিদের ভূমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে এসে হাসপাতালের অভ্যন্তরে বাক-বিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে  পড়ে। এক পর্যায়ে এক পক্ষ হামলা করে হাসপাতালের জরুরী বিভাগ ব্যাপক ভাংচুর করে। এসময় হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দিলে কর্তব্যরত ডাক্তারদের সাথে অশালিন আচরণসহ হামলার চেষ্টা করে তারা।
রোববার দুপুরে শহরের চরেরবন্দ এলাকার পৌর কাউন্সিলর নওশাদ মিয়া ও রহিম উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও ভাংচুরের প্রতিবাদে হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া বহির্বিভাগসহ সকল বিভাগ বন্ধ রেখে ডাক্তার,    
কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘট পালন করছেন। হাসপাতাল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চরেররবন্দ জামে মসজিদের ভূমি নিয়ে গত ক’দিন ধরে পৌর কাউন্সিলর নওশাদ মিয়ার সাথে প্রতিপক্ষের উত্তেজনা বিরাজ করছিল। রোববার সকালে নওশাদ মিয়ার ভাতিজা খালেদ মিয়ার সাথে প্রতিপক্ষ রহিম উদ্দিনের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদিকে চিকিৎসা নিতে এসে রহিম উদ্দিন পক্ষের লোকজনের সাথে আহত নওশাদ মিয়ার স্ত্রীর বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে নওশাদ মিয়া পক্ষের লোকজন হাসপাতালে এসে হামলা চালায়। এসময় হামলাকারীরা হাসপাতালের জরুরী বিভাগ ভাংচুর চালায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অভিজিত শর্ম্মা জানান, চিকিৎসা নিতে আসা আহতদের স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগে হামলা ও ভাংচুর করে। এতে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি ভাংচুরসহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাজনিত কারনে কর্মবিরতি পালন করছেন। সরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও কর্তব্যরত ডাক্তারদের সাথে অশালিন আচরণের জন্য আইনী ব্যবস্থা নিতে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
সংঘর্ষে গুরুতর আহত জালাল উদ্দিন (৩৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমান (১৮), মিজান আহমদ (২৬), জামিল হোসেন (২৫), মাজেদুর রহমান (২১), তেরা মিয়া(৭৬), রহিম আলী(৪৫), বশির আহমদ(২০), রাব্বি (২০)সহ অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন,‘চরেরবন্দ এলাকায় সংঘর্ষে আহতরা হাসপাতালে গিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। পরে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ’