ছাতকে সরকারি সহায়তার ১০ বস্তা চাল বিক্রিকালে আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী সহায়তার ১০ বস্তা চাল অন্যত্র বিক্রির সময় আটক করে ইউপি’র তথ্যকেন্দ্রর উদ্যোক্তা আব্দুল হামিদকে লাঞ্ছিত করেছে জনতা। এসময় জনতার রোষানলে পড়তে হয় নিজ কার্যালয়ে থাকা ইউপি চেয়ারম্যানকে। রবিবার সকালে উপজেলার চেচান বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদের মাধ্যমে ১০ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে চেচান বাজারের আনোয়ার মিয়ার দোকানে পাঠালে রাস্তায় জনতা এ চাল আটক করে। এনিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। পরে ১০বস্তা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফেরত এনে ঘটনাটি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  
ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এ বিষয়ে যিনি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার বিরুদ্ধে তিনি মামলা করবেন ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান      জানান, দক্ষিণ খুরমা ইউনিয়নে চাল নিয়ে সমস্যা হয়েছে জেনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদকে পাঠানো হয়েছে। চাল বন্টনের পর দায়িত্বরত ট্যাগ কর্মকর্তাসহ তিনি এসে রিপোর্ট করবেন।
এব্যাপারে আম্বিয়া আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু সময় পর কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান।