ছাতক প্রতিনিধি
ছাতকে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে প্রধান শিক্ষক থাপ্পর মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আবহাওয়া খারাপ হওয়ায় নির্দিষ্ট সময়ের কিছু পূর্বে শিক্ষার্থীদের ছুটি দেয়ার অনুরোধ করায় এ শিক্ষিকাকে চপেটাঘাত করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। এ ঘটনা নিয়ে মঙ্গলবার থেকে শিক্ষকমহলে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে লাঞ্ছিত সহকারী শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট একটি লিখিত দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার টিফিন শেষে পরবর্তী ক্লাস শুরু হওয়ার পর দিনের আবহাওয়া ক্রমশঃ খারাপ হতে থাকে। এসময় সিনিয়র সহকারী শিক্ষিকা রিনু চৌধুরী ঝড়-বৃষ্টি আসার আগেই শিক্ষার্থীদের বাড়ি পৌছে যাওয়ার লক্ষ্যে নির্দিষ্ট
সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেয়ার অনুরোধ করেন প্রধান শিক্ষক আতাউর রহমানকে।
এ সময় উপস্থিত অন্য আরেক সহকারী শিক্ষিকা হালিমা বেগমও একই অনুরোধ করলে প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে শিক্ষিকাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন । এক পর্যায়ে প্রধান শিক্ষক আতাউর রহমান শিক্ষিকাদের উদ্দেশ্যে অশালীন-আপত্তিকর কথাবার্তা বলে হালিমা বেগমকে চপেটাঘাত করে দ্রুত বিদ্যালয় ত্যাগ করেন।
লাঞ্ছিত শিক্ষিকা হালিমা বেগম জানান, ঘটনার পর অন্য শিক্ষকরা বিক্ষুদ্ধ হলে বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, শিক্ষার্থীদের কিছু সময় আগে ছুটি দেয়া নিয়ে শিক্ষিকাদের সাথে তর্ক-বিতর্ক হয়েছে। এসময় শিক্ষিকা হালিমা বেগম তার দিকে তেড়ে আসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বিষয়টি নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, এ ঘটনায় শিক্ষিকার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


