শেষ রক্ষা হলো না ধানকুনিয়া হাওরের

ধর্মপাশা প্রতিনিধি
শেষ রক্ষা হলো না ধানকুনিয়া হাওরের। কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া ফসল রক্ষা বাঁধ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেঙে যায়। এর ফলে এই হাওরের ২ হাজার হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে যায়।
জানা যায়, গত শুক্রবার থেকে বুধবার বিকেল চারটা পর্যন্ত এ উপজেলার ছোট বড় ৮২ টি হাওরের মধ্যে ৬৫ টি হাওরের বাঁধ ভেঙে বোরো জমির ফসল পানিতে তলিয়ে যায়। এ বছর ধর্মপাশা উপজেলায় ৩১ হাজার হেক্টর বোরো জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ২২ হাজার হেক্টর জমির ফসল তলিযে গেছে।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের কৃষক সারোয়ার হোসেন বলেন, ধানকুনিয়া         
হাওরে আমার ৩৮ কেয়ার জমিতে ফসল চাষ করেছিলাম। সে জমিও সোমবার রাতে তলিয়ে গেছে। পাউবো, পিআইসি ও ঠিকাদারদের গাফিলতির কারণে আমাদের আজরাখালি বাঁধটি ভেঙে গেছে। বাঁধের কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দাবি করছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, অতিবৃষ্টির কারণে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসল রক্ষা বাঁধ ভেঙে ৮২ টি হাওরের মধ্যে ৬৫ টি হাওরের ফসল ইতোমধ্যে তলিয়ে গেছে। যেভাবে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল আসছে তাতে মনে হয় অবশিষ্ট হাওরগুলোও তলিয়ে যাবে।