আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের হালির হাওরের বাঁধ ভেঙ্গে ফসল ডুবির ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে কৃষকরা। গত দুইদিন ধরে উপজেলা সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে কয়েক হাজার কৃষক পাউবো,পিআইসি ও সিন্ডিকেট ঠিকাদারদের শাস্তির দাবিতে মিছিল শেষে প্রায় ঘন্টাব্যাপি উপজেলা পরিষদ ঘেরাও করে রাখে।
ফসল হারা বিক্ষুদ্ধ কৃষকরা পাউবোর কর্মকর্তা, দুর্নীতিবাজ পিআইসির
শাস্তির দাবিতে নানান শ্লোগান দেয়। বিক্ষুদ্ধ কৃষকদেরকে শান্তনা দিতে সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান তাদের কাছে এলে তারা কয়েক দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, জামালগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা, দুর্নীতিবাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহায়তায় সংশ্লিষ্ট ঠিকাদার ও পিআইসিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। কৃষকদের কাছে সরকারি-বেসরকারি ও এনজিও সংস্থার ঋণ আদায় বন্ধসহ সকল ঋণের সুদ মওকুফ করা। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে বাজার মূল্য স্থিতিশীল রাখা। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রেশনিং প্রথা চালু করা, ১০ টাকা কেজি মুল্যে চাল বিক্রি করা।
ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, মোবারক আলী, কামিনীপুরের কৃষক জাকির হোসেন প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান বলেন,‘ পাউবোসহ পিআইসিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। অচিরেই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে যাতে কম মূল্যে চাল বিতরণ করা হয় সেজন্য উর্ধতন কতৃপক্ষকে অনুরোধ করা হবে। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


