ছাতকে সিমেন্ট কারখানা স্থাপন করবে আল রাজী গ্রুপ

সু.খবর ডেস্ক
বাংলাদেশে সিমেন্ট ও কাগজ কারখানা স্থাপনে বিনিয়োগ করবে সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান আল রাজী গ্রুপ। এ লক্ষ্যে বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে বিসিআইসি এবং আল রাজী গ্রুপের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে সমঝোতা স্মারকে বিসিআইসির পক্ষে সংস্থার সচিব হাছনাত আহমেদ চৌধুরী এবং সৌদি আরবের মেসার্স আল রাজী কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড এর পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউসিফ আল রাজী স্বাক্ষর করেন।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব   মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীসহ শিল্প মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, চলতি বছর ১-৩ মার্চ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সৌদি আরব সফরকালে সে দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আলরাবিয়াহ্ এবং সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।
ওই সময় আমির হোসেন আমু বাংলাদেশের সার, কেমিক্যাল, চিনি, সিমেন্ট, কাগজসহ উদীয়মান শিল্পখাতগুলোতে বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪-৬ জুন সৌদি আরব সফরকালে জেদ্দা চেম্বার অব কমার্স আয়োজিত এক সভায় সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
সমঝোতা স্মারক অনুযায়ী, সৌদি আল রাজী গ্রুপ ও বিসিআইসির যৌথ উদ্যোগে কিংবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিদ্যমান ছাতক সিমেন্ট কোম্পানি সংলগ্ন নিজস্ব জায়গায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক প্রযুক্তির সিমেন্ট কারখানা স্থাপন করা হবে।
পাশাপাশি বিদ্যমান কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড (কেপিএম) সংলগ্ন কারখানার নিজস্ব জমিতে ৩৬০ মেগাওয়াট পাওয়ার প্লান্টসহ বার্ষিক ৩ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির একটি কাগজ কারখানা স্থাপন করা হবে।
উভয় কারখানায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উন্নয়ন অংশীদার। সৌদি প্রতিষ্ঠান আল রাজী গ্রুপের সঙ্গে বিসিআইসির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সৌদি-বাংলাদেশ বিনিয়োগের নতুন ধারা সূচনা হলো। এর ধারাবাহিকতায় বাংলাদেশে ভবিষ্যতে আরও সৌদি বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।