বিশেষ প্রতিনিধি
ছাতক আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের চেষ্টা এখন প্রশাসনে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখা। এজন্য সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের উপস্থিতিতে শো-ডাউন করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে দুই গ্রুপই। ছাতক আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা নিজের নামে বক্তব্য কোট না করার অনুরোধ জানিয়ে বলেন,‘গ্রুপিং- কোন্দলে সংকটাপন্ন ছাতক আওয়ামী লীগে এখন চলছে সরকারে কার দাপট বেশি সেটি শো-ডাউন করে প্রচার করা’।
সুনামগঞ্জের ছাতক আওয়ামী লীগের আহ্বায়ক এবং যুগ্ম-আহ্বায়ক নিয়ে ১৫ বছরেও দ্বন্দ্ব কাটেনি। এই উপজেলায় আওয়ামী লীগের উপজেলা মানের ২ টি সাংগঠনিক ইউনিটেই (একটি পৌরসভা কমিটি) বিবদমান দুই গ্রুপের দুই বলয়। এই উপজেলায় আওয়ামী লীগের বিভক্তি মূলত স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালামকে ঘিরে। দু’জনেই কমিটিতে নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করায় দীর্ঘদিন ধরে এই উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দ্বিধাবিভক্ত। দলীয় সভানেত্রী গণভবনে ডেকে আহ্বায়ক কমিটি করে দিলেও কেউ কেউ এই কমিটিও মানতে নারাজ।
এই অবস্থায় এখানে সরকারের মন্ত্রীদের সফরেও আওয়ামী লীগের পদ-পদবি পরিচয়ে কেউ বক্তব্য দেবার সুযোগ পাচ্ছেন না। তবে সংগঠনের দুই বলয়ই সরকারে কার অবস্থান শক্তিশালী এটি জানান দেবার চেষ্টা করছে।
বুধবার ছাতকে নৌ-বন্দর উদ্বোধনে আসেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এই কর্মসূচিতে ছিলেন না। ছাতকের পাবলিক খেলার মাঠে (মন্টু বাবু’র মাঠ) এই উপলক্ষে জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম ও তাঁর ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী’র নিয়ন্ত্রণে এই সমাবেশ হলেও দলীয় পরিচয়ে এখানে কেউ-ই বক্তব্য দেবার সুযোগ পাননি। এমনকি সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজেরও বক্তব্য দেওয়া হয়নি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়।
এসময় সভামঞ্চে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ্ উদ্দিন সিরাজ, বিআইডব্লিউটিএ র’ ভারপ্রাপ্ত চেয়ারম্যন ভোলা নাথ দে, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর-রশীদ, ২৮ বডারর্গাড ব্যাটেলিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমদ (এপিএস), ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, র্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক কাজী মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মধাব রায়, বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যন ভোলা নাথ দে এবং সভাপতি হিসাবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম কেবল বক্তব্য দেন। অবশ্য. নৌ-পরিবহন মন্ত্রী সময়ের স্বল্পতা এবং ঢাকায় যাওয়ার তাড়া থাকায় অনেকেরই বক্তব্য দেওয়া হয়নি বলে দুঃখ প্রকাশ করেন। বিশেষ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাড. মিসবাহ্ উদ্দিন সিরাজও এখানে রয়েছেন। তাঁর কাছেও আমি দুঃখ প্রকাশ করছি’।
শুক্রবার ছাতকে আসেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। বিকালে উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজ বন্যা ও ঘুর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক ও ছাত্রলীগ নেতা এম রশীদ আহমদের যোৗথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক রিয়াজ আহমদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান প্রমুখ।
জাউয়াবাজারে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাপতিত্ব করেছেন। কিন্তু ছাতকে সেটিও হয়নি। ওখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কিংবা আওয়ামী লীগের কোন নেতা সভাপতিত্ব করলে একাংশ নাও মানতে পারে, এই আশংকা থেকে জেলা প্রশাসক সভাপতিত্ব করেছেন বলে দলের একটি সূত্র জানায়।
দলীয় একাধিক নেতা জানান, ছাতকের কর্মসূচি শেষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী’র বাসায় মন্ত্রীর খাওয়ার আয়োজন হয়েছিল, কিন্তু মন্ত্রী না খেয়েই চলে যান।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান’র ছাতক সফর প্রসঙ্গে মুহিবুর রহমান মানিক বলেন,‘আমার জরুরি কাজ থাকায় এবং সংসদীয় কমিটির সভা থাকায় আমি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কর্মসূচিতে যেতে পারিনি। অবশ্য. ছাতকে আসার আগে আমি উনাকে (মন্ত্রীকে) ছাতকে দলের অবস্থার বিষয়ে ব্যাখ্যা দিয়েছি। শুনেছি ঐ কর্মসূচিতে সময়ের স্বল্পতার জন্য এবং মন্ত্রীর ফিরে যাওয়ার তাড়া থাকায় কারো বক্তব্য দেবার সুযোগ হয়নি’।
ছাতক আওয়ামী লীগের অপরাংশের নেতা শামীম চৌধুরী বলেন,‘নৌ-পরিবহন মন্ত্রীর ছাতকের কর্মসূচি আমাদের নিয়ন্ত্রণেই ছিল, দলীয় প্রতিপক্ষের ষড়যন্ত্র ছিল আমাদের কোনঠাসা করার, তারা তা পারেনি, মন্ত্রী আমাদের বাসায়ও গিয়েছেন’।
- শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ রুখার অঙ্গিকার
- কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে আসুন সুসভ্য নাগরিকে পরিণত হই


