স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ছাতক- দোয়ারাবাজারের ৪ টি ওয়ার্ডে লড়াইয়ে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী’র সমর্থকরা। মুহিবুর রহমান মানিক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নিজের সমর্থিত একাধিক প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে ১ জন করে প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় এই লড়াই এখন ছাতক- দোয়ারাবাজারের রাজনীতির চিরবৈরী দুই পক্ষের মধ্যেই হবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিকরা।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের ৪ টি ওয়ার্ডের ১২ নম্বর ওয়ার্ডে সিরাজুল হক, মোহাম্মদ আব্দুল আজাদ রুমান, ফয়সল আহমদ, তোফায়েল আহমদ তালুকদার ও মো. রেজা মিয়া তালুকদার প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (রোববার) মো. সিরাজুল হক, ফয়সাল আহমদ ও তোফায়েল আহমেদ তালুকদার প্রত্যাহার করেছেন। এই তিনজনেই আওয়ামী লীগের। স্থানীয়রা জানিয়েছেন এই ওয়ার্ডে শেষ পর্যন্ত ভোটের লড়াই হবে মুহিবুর রহমান মানিক সমর্থিত মোহাম্মদ আবুল আজাদ রুমান এবং আবুল কালাম সমর্থক রেজা মিয়া তালুকদারের মধ্যে।
১৩ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো.আক্রামুল হাসান মাছুম, মো. আমিনুল ইসলাম সেলিম প্রার্থী ছিলেন। এই ওয়ার্ডে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকরা বলেছেন, এই ওয়ার্ডে শেষ সময়ের লড়াই হবে মুহিবুর রহমান মানিক সমর্থক নুরুল ইসলাম ও আবুল কালাম সমর্থক মো. আমিনুল ইসলাম সেলিম’এর মধ্যে।
১৪ নম্বর ওয়ার্ডে আসিক আলী, মো. এনামুল হক, মো.আজমল হোসেন ও মোহাম্মদ আফসর উদ্দিন প্রার্থী ছিলেন। এই ওয়ার্ডে লড়াই হবে মুহিবুর রহমান মানিক সমর্থক আসিক আলী ও আবুল কালাম সমর্থক মো. আজমল হোসেনের মধ্যে।
১৫ নম্বর ওয়ার্ডে লড়াইয়ে আছেন মুহিবুর রহমান মানিকের সমর্থক আওয়ামী লীগ নেতা ছানাউর রহমান তালুকদার ও আবুল কালাম সমর্থক আব্দুস সহিদ মুহিত।
ছাতক- দোয়ারার সংরক্ষিত আসনে মুহিবুর রহমান মানিকের ছোট বোন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী’র স্ত্রী মোছাম্মৎ নুরুন্নাহার চৌধুরী চিনু’র সঙ্গে আবুল কালাম চৌধুরী’র সমর্থক ছাতকের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান আলেকের স্ত্রী সেলিনা আক্তারের লড়াই হবে।
দুই পক্ষই নিজেদের প্রার্থী যোগ্য দাবী করেছেন।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থক হিসাবে পরিচিত দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেছেন,‘দলের সৎ-ত্যাগীদের প্রার্থী করা হয়েছে। ইনশাল্লাহ্ সকল প্রার্থীর জয় হবে’।
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী’র ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী বলেছেন,‘আমাদের প্রার্থীরা যোগ্য, জয় ইনশাল্লাহ্ তাঁদের হবে’।


