বৌলাই নদীর নৌজট হ্রাস করতে আগামী সপ্তাহেই খনন শুরু

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার ফাজিলপুর থেকে বালি-পাথর ও ট্যাকেরঘাট থেকে কয়লা পরিবহনের নৌ পথ জামালগঞ্জের উপর দিয়ে প্রবাহিত বৌলাই নদীর তলদেশ ভরাট হওয়া প্রায় ৩ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী সপ্তাহেই ভরাটকৃত নদীর ওই অংশ খনন করে সাময়িকভাবে নৌ চলাচল করার সুবিধা করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার বৌলাই নদী পরিদর্শন শেষে এমপি রতনের অনুরোধে ভরাটকৃত অংশ সাময়িকভাবে খনন করার আশ্বাস দেন পানি উন্নয়ন   বোর্ডের সিলেট বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় প্রধান প্রকৌশলী মুজিবুর রহমান।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ নদী পথটি চালু রাখা ও নদীর এই অংশে নৌজট হ্রাস করতে পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কর্মকর্তা নদীটি সাময়িকভাবে খনন করে দেয়ার আশ্বাস দিয়েছেন। আগামী সপ্তাহেই খনন শুরু করা হবে।
উল্লেখ্য, বৌলাই নদীতে পলি ভরাটের ফলে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুরমা ও বৌলাই নদীর মিলনস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার অংশে নাব্যতা সংকট দেখা দিয়েছে। বৌলাই নদীর জামালগঞ্জ অংশের শ্রীমন্তপুর-শুকদেবপুর থেকে মিলনপুর গ্রাম পর্যন্ত নৌজট দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে নদীর ওই অংশে কয়েক’শ বালি-পাথর ও কয়লা পরিবহনবাহী নৌকা আটকা পড়ছে।